তাঁর শেষ ইচ্ছা পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের শেষ ইচ্ছা ছিল, রাজধানী পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের তাজা মাছ খাওয়ানো। তাঁর ছেলে ও উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা জং-উন বাবার ইচ্ছা পূরণে গত শুক্রবার থেকে পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের মধ্যে তাজা মাছ বিক্রির ব্যবস্থা করেছেন। দারিদ্র্যপীড়িত উত্তর কোরিয়ায় মাছ একটি দুর্লভ খাদ্য। কিম জং-ইলের শেষ ইচ্ছা ছিল, রাজধানীবাসীকে তাজা মাছ খাওয়ানোর। কিন্তু তাঁর মৃত্যু সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। তবে তাঁর যোগ্য উত্তরসূরি জং-উন ঠিকই বাবার স্বপ্ন পূরণ শুরু করেছেন। গতকাল শনিবার দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, গত শুক্রবার সকাল থেকেই পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের কাছে তাজা মাছ পৌঁছে দেওয়া শুরু হয়েছে। যথাসময়ে মাছ পৌঁছে দিতে নেওয়া হয়েছে যাবতীয় ব্যবস্থা। ক্ষমতাসীন দলের দৈনিক রোডং সিনমুন বলেছে, ‘রাজধানীর মাছের দোকানগুলোতে বিক্রেতা ও বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন।’ পত্রিকাটিতে মাছ কিনতে আসা গৃহিণীদের কান্নার ছবি ছাপানো হয়েছে। এতে দেখা গেছে, মাছের ঝুড়ির সামনে দাঁড়িয়ে তাঁরা তাঁদের প্রিয় নেতার জন্য ফুপিয়ে কাঁদছেন। পত্রিকাটি বলেছে, পিয়ংইয়ংয়ের ব্যবসায়ী নেতারা তাঁদের ভবিষ্যৎ নেতার আহ্বানে সাড়া দিয়েছেন। তাঁরা বলেছেন, ‘কোরিয়ানদের মতো পৃথিবীর আর কোনো দেশের মানুষই তাদের নেতা ও জেনারেলদের দ্বারা এতটা আশীর্বাদপুষ্ট নন।’ পত্রিকাটি আরও বলেছে, জনগণকে বছরব্যাপী তাছা মাছ খাওয়াতে প্রয়াত নেতা কঠোর পরিশ্রম করেছেন। সুষ্ঠুভাবে কীভাবে তাজা মাছ বিতরণ করা যায়, সে জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দিয়ে যান দিকনির্দেশনা। ১৭ ডিসেম্বর হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং-ইল (৬৯)। বাবা কিম ইল সুংয়ের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর ১৭ বছর দেশ শাসন করেন তিনি। এএফপি।