তাই বলে এভাবে নিরাপত্তা যাচাই!
অপ্রত্যাশিতভাবে উৎসব ভাতার ঘোষণা পেলেন কর্মীরা। তাও আবার করোনাভাইরাসের মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেই। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় সবাই খুশি। কিন্তু তারপর প্রতিষ্ঠান যা জানাল, তাতে সবার আনন্দ মিলিয়ে গেল। কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে বলল, প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে ওই উৎসব ভাতার ই-মেইল পাঠানো হয়েছিল।
ঘটনাটি ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গোড্যাডি। এরপর প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘গোড্যাডি নিজের প্ল্যাটফর্মের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। আমরা বুঝতে পারছি, কিছু কর্মী হয়তো হতাশ হয়েছেন। ই-মেইলটি পেয়ে তাঁরা হয়তো মনে করেছিলেন, ভাতা পেতে চলেছেন। এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, কয়েক দিন আগে গোড্যাডির প্রায় ৫০০ কর্মী একটি ই-মেইল পান। এতে কর্মীদের জনপ্রতি ৬৫০ মার্কিন ডলার বড়দিনের ভাতার ঘোষণা দিয়ে ই-মেইলে সংযুক্ত ফরমটি পূরণ করতে বলা হয়। ওই ফরমে কর্মীদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছিল। এর দুদিন পর ওই কর্মীরা আরেকটি ই-মেইল পান। এতে বলা হয়, ‘আপনি এই ই-মেইল পাচ্ছেন কারণ, আপনি আমাদের সাম্প্রতিক নিরাপত্তা যাচাই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।’ ই-মেইলটি করা হয়েছিল গোড্যাডির নিরাপত্তাপ্রধানের তরফ থেকে।
মূলত প্রণোদনার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য চেয়ে ই-মেইল করার কৌশলটি ব্যবহার করে কম্পিউটার হ্যাকাররা। কোনো ব্যবহারকারী সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য সরবরাহ করলেই হ্যাকাররা সফল। কারণ, তখন ওই তথ্য কাজে লাগিয়ে তারা ব্যবহারকারীর কম্পিউটার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তবে গোড্যাডি কর্তৃপক্ষ যে ব্যাখ্যাই দিক না কেন, প্রতিষ্ঠানের তরফ থেকে ভাতার ঘোষণা দিয়ে এভাবে বোকা বানানোটা অনেকেই সহজভাবে নিতে পারেননি। এমনকি প্রতিষ্ঠানটির বাইরের অনেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন এ নিয়ে।