তাইওয়ানের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে চীনকে হুঁশিয়ারি
আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার জন্য চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউ। গতকাল সোমবার রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। এ ছাড়া দুই বছর ধরে গড়ে তোলা পারস্পরিক বিশ্বাস ও সুসম্পর্ক নষ্ট না করার জন্যও আহ্বান জানান তিনি। গত মাসে টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চীন ও তাইওয়ানের তীব্র বাগিবতণ্ডার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করল তাইওয়ান।ওই উৎসবে চীনের প্রতিনিধিদলের প্রধান জিয়াং পিং বলেছিলেন, এ চলচ্চিত্র উৎসবে তাইওয়ানের উচিত ‘চীন-তাইওয়ান’ অথবা ‘চাইনিজ তাইপে’ নামে অংশগ্রহণ করা।মা ইং-জিউ জানান, চীনের সঙ্গে ইকোনমিক কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (ইসিএফএ) চুক্তি করতে দেড় বছর সময় লেগেছে। এ চুক্তি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।মা ইং-জিউ আরও জানান, ২০০৮ সালে তিনি ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও এখনো অনেক বিভেদ রয়ে গেছে। জিয়াং পিংয়ের বক্তব্যকে তিনি আইসবার্গের সঙ্গে তুলনা করেছেন। এএফপি।