তানজানিয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৪২ অভিবাসীর মৃত্যু
তানজানিয়ায় একটি ট্রাকে ঠাসাঠাসি করে ভ্রমণের সময় শ্বাসরুদ্ধ হয়ে ৪২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ট্রাকটিতে মোট ৭৪ ব্যক্তি ছিলেন। পরিচয় জানতে বেঁচে যাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তানজানিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী পেরেইরা সিলিমা গতকাল বুধবার এ খবর দিয়েছেন।সিলিমা জানান, তানজানিয়ার রাজধানী দার এস সালাম থেকে ২৫০ মাইল পশ্চিমে দোদমা প্রদেশে ওই ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে মোট ৭৪ জন ছিলেন। পরিচয় ও জাতীয়তার বিষয়ে নিশ্চিত হতে বেঁচে যাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন দেশের অভিবাসী কর্মকর্তারা। কর্মকর্তাদের ধারণা, এই অভিবাসীরা ইথিওপিয়া বা সোমালিয়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, তাঁরা তানজানিয়ার উত্তর প্রান্ত হয়ে পাশের দেশ মালাবিতে যাওয়ার চেষ্টার করছিলেন। পুলিশ জানায়, ট্রাকটির চালক পালিয়ে গেছেন।এর আগে গত সপ্তাহে তানজানিয়ার সীমান্তবর্তী লেক মালাবিতে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে যায়। সেখান থেকে ইথিওপিয়ার ৪৭ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। এএফপি।