তাপমাত্রা বৃদ্ধি রোধের লক্ষ্য পূরণ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা আর সম্ভব হবে না। যুক্তরাজ্যের রেডিং ইউনিভার্সিটির আবহাওয়াবিদ এড হকিন্সের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গত বছরের ডিসেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখাটাই ছিল মূল আলোচ্য বিষয়। সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধির এই হার ঠিক রাখতে মতৈক্যও হয়। বিজ্ঞানী এবং পরিবেশবাদীরা এই মতৈক্য নির্ধারণ হওয়াকে তাঁদের একটি বিজয় হিসেবেও চিহ্নিত করেন। তাঁদের কথা ছিল, তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে রাখলে মরুময়তা, তপ্ত বায়ুপ্রবাহ, ব্যাপক বন্যা বা জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব রোধ করা সম্ভব হবে।

তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির হার ইতিমধ্যে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেছে। এটি শিল্পবিপ্লবের যুগের আগের অবস্থার চেয়ে বেশি। এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই তাপমাত্রা ১ দশমিক ৩৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, এই বৃদ্ধির হার জানান দিচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা খুবই কঠিন।

এ মাসে জেনেভায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেল (আইপিসিসি) প্যারিস সম্মেলনে গৃহীত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য একটি বৈঠকে বসছে। এই সম্মেলনে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিত্যাগের সময় নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে এ বছরটি বেশ উষ্ণ হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এবার ইরাকে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে উঠেছে, ভারতে মৌসুমি বৃষ্টিপাত অস্বাভাবিক বেড়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেড়েছে দাবানল।

যুক্তরাষ্ট্রের কলোরাডোর ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক রিসার্চের বেন স্যান্ডারসন বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদনের উপায় যদি ব্যবহৃত হয়, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ যদি শূন্যে নামিয়ে আনা যায়, তবেই শুধু তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সম্ভব হবে।

তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে গেলে কার্বন নিঃসরণের মাত্রা কী হবে প্যারিস চুক্তিতে এ নিয়ে কোনো কথা নেই। শুধু বলা হয়েছে, একবিংশ শতকের মাঝামাঝিতে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে পৌঁছতে হবে।

অনেক বিজ্ঞানী মনে করেন, তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে রাখতে গেলে আরও বাস্তবসম্মত পন্থা নিতে হবে।