তাপস পাল হাসপাতালে

বেফাঁস মন্তব্য করে অনেকটা ‘গৃহবন্দী’ হয়ে থাকা তৃণমূল সাংসদ তাপস পাল এবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার রাতেই তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিত্সকেরা জানান, পেট ও পিঠে প্রচণ্ড ব্যথা ও জ্বর নিয়ে তাপস ভর্তি হয়েছেন। আপাতত তাঁকে হাসপাতালেই বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে তাপস পালের হাসপাতালে ভর্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম ও বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তাপস পাল সংসদকে এড়াতেই হাসপাতালে গেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই হাসপাতালে ভর্তি হয়েছেন। মুখ্যমন্ত্রীর নিজেরও এভাবে হাসপাতালে ভর্তি হওয়ার নজির রয়েছে।’
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে, তৃণমূল তাপস পালকে সংসদে যেতে নিষেধ করেছে। বলেছে, “আপনি অসুস্থ হয়ে যান। সংসদে গেলে নিন্দার ঝড় উঠবে। হাঙ্গামা হবে। বাক্যবাণের শিকার হবেন।”’
রাহুল সিনহা আরও বলেন, ‘আমরা চাই, উনি যেন কোনোদিনই আর সংসদে না যান। কারণ, তিনি নারী জাতির অপমান করে যেসব কথা বলেছেন, তাতে উনি সংসদে বসার নৈতিক অধিকার হারিয়েছেন।’
বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, তাপস পালের চিকিত্সা শুরু হয়েছে। তবে তাপস পাল অনুরোধ করেছেন, তাঁর সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যেন ওই হাসপাতালেই করা হয়। এখন তিনি বাইরে যেতে পারবেন না। এ ব্যাপারে হাসপাতালও যথাযথ ব্যবস্থা নিয়েছে।
এদিকে গতকাল সোমবার থেকে ভারতের লোকসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিনই সংসদ ভবনের প্রধান ফটকের সামনে ভারতের বামপন্থী নয়টি মহিলা সংগঠনের পক্ষ থেকে তাপস পালের সাংসদ পদ বাতিলের দাবিতে বিক্ষোভ দেখানো হয়।
অন্যদিকে তাপস পালের কদর্য মন্তব্য নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি রাজ্য সরকার। তাই ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাপস পালের বেফাঁস মন্তব্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে।