তাপস পালের গ্রেপ্তারের দাবি মহিলা ব্যাংক কর্মীদের
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে তৃণমূল সাংসদ ও বিশিষ্ট অভিনেতা তাপস পালের বিরুদ্ধে পশ্চিমবঙ্গজুড়ে এখনো আন্দোলন চলছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে ব্যাংক এপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গ শাখার নারী কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক সমাবেশে তাঁরা অবিলম্বে তাপস পালকে গ্রেপ্তার করে তাঁর সাংসদ পদ বাতিলের দাবি জানান।
সংগঠনের নেত্রী শিখা ঘটক বলেন, রাজ্যের শাসকদল পরিকল্পনা করেই খুন, মহিলাদের ওপর আক্রমণ এবং সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাপস পাল সেই পরিকল্পনার অংশ হিসেবেই নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন।
জাতীয় কংগ্রেসের ডাকে গতকাল তাপস পালের সাংসদ পদ বাতিলের দাবিতে কলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে।
তাপস পাল এখন কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউয়ে চিকিত্সাধীন রয়েছেন। দলের নির্দেশে এবার যোগ দেননি সংসদ অধিবেশনেও। হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, বিশ্রামের জন্য তাপস পালকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে।