তাপস পালের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি পেছালেন কলকাতা হাইকোর্ট। শুনানির পরবর্তী তারিখ ২১ জুলাই ধার্য করেছেন আদালত।

বেফাঁস মন্তব্যের জন্য তাপস পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্টে আলাদাভাবে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী শমিত সান্যাল ও সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী বিজন ঘোষ।

গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে শুনানি চলাকালে সরকারি কৌঁসুলি অশোক বন্দ্যোপাধ্যায় এ মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানান। তিনি বলেন, একই ধরনের আরেকটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তাই সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের শুনানিও স্থগিত রাখা হোক। এ সময় বিচারপতি সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার নথিপত্র পেশ করার নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ২১ জুলাই তারিখ ধার্য করেন।

এদিকে বেফাঁস মন্তব্যের পর থেকে এখন গৃহবন্দী জীবন যাপন করছেন অভিনেতা তাপস পাল। হাসপাতালে কয়েক দিন চিকিত্সা নিয়ে এখন বাড়িতেই অবস্থান করছেন তিনি। দল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত তিনি আর সংসদ অধিবেশনে যোগ দেবেন না।

বেফাঁস মন্তব্যের কথা ফাঁস হওয়ার পর থেকে নিজের সংসদীয় আসন কৃষ্ণনগরেও যাচ্ছেন না তাপস পাল।