তাপস পালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা তাপস পালের বিরুদ্ধে এবার মামলা হলো সুপ্রিম কোর্টে। গতকাল শুক্রবার জনস্বার্থ মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিজন ঘোষ।
এদিকে সিপিএম নেতা-কর্মীদের হুমকি দিয়ে তাপস পালের দেওয়া আরেকটি বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম। এ অবস্থায় তাঁকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় বাম বিধায়কেরা ওয়াকআউট করেন।
মামলার পর বিজন ঘোষ জানান, তিনি তাপসের নির্বাচনী এলাকার ভোটার। তাপস যে ভাষায় কথা বলেছেন, গণধর্ষণের হুমকি দিয়েছেন, তাতে তিনি আতঙ্কিত বোধ করছেন।তাঁর বিরুদ্ধে এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্য পুলিশ ও প্রশাসনের এই নীরবতার কারণ খতিয়ে দেখার দায়িত্ব সিবিআইয়ের হাতে দেওয়া হোক।
গত ১৪ জুন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌমাহাতে গ্রামে এক সমাবেশে তাপস পাল বলেন, ‘আমি দরকার হলে আমার ছেলেদের বলব, সিপিএম নেতাদের বাড়ি বাড়ি যাও এবং সিপিএম নারীদের ধর্ষণ কর।’
আমাদের কলকাতা প্রতিনিধি জানান, তাপস পালের বক্তব্যের আরেকটি ভিডিও প্রকাশ করেছে কলকাতার সংবাদমাধ্যম। এতে বিরোধীদের খুন করা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা যায় তাঁকে।
গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় তাপস পালের গ্রেপ্তার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন সিপিএমের বিধায়ক আনিসুর রহমান। দাবি না মানায় বাম দলের বিধায়কেরা অধিবেশন বর্জন করে ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।