তাপসের পর 'অশালীন' প্রকাশ

তৃণমূল সাংসদ তাপস পালের পর এবার নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে শিবসেনার বিধায়ক প্রকাশ বালা সাওয়ান্তের বিরুদ্ধে। ৫০ বছর বয়সী এক নারীকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দেওয়ার বিষয়ে তাঁর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রায় গত সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে ওই হুমকির ঘটনা ঘটে। ফৌজদারি অপরাধের অভিযোগে প্রকাশ বালা সাওয়ান্তের বিরুদ্ধে বান্দ্রার খেরওয়াদি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী।
মামলায় ওই নারী অভিযোগ করেন, ঘটনার দিন তিনি বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। হাউজিং সোসাইটি পুনরুন্নয়ন নিয়ে পূর্ববিরোধের জেরে এ সময় তাঁকে হুমকি দেন সাওয়ান্ত।
ওই নারীর অভিযোগ, শিব সেনার ওই এমএলএ তাঁকে বলেন, ‘আমি তোমাকে সবার সামনে বিবস্ত্র করব ও পেটাব।’
মামলা দায়েরের খবর জানার পর শিব সেনার শতাধিক সদস্য থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ তলব করা হয়।
সাওয়ান্তের বিরুদ্ধে এর আগেও নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে।