তাপসের বাজে মন্তব্যের চতুর্থ ফুটেজ ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভার তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পালের বাজে বক্তব্যের চতুর্থ ফুটেজ ফাঁস হয়েছে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরনগরে দেওয়া তাঁর ভাষণের ফুটেজ গতকাল শুক্রবার কলকাতায় সংবাদমাধ্যমের হাতে পৌঁছে।

এই ফুটেজে দেখা গেছে, তাপস পাল বিরোধী সিপিএমের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেন, ‘যেসব তৃণমূল কর্মী দলের জন্য পাগলের মতো খেটেছেন, তাদের রক্ষা করতেই আমি এখানে এসেছি। সিপিএমকে ধরুন আর মার্ডার করে ফেলুন। প্রয়োজনে থানা-পুলিশের বিষয়টি আমি নিজে দেখব।’ তিনি বিরোধীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তৃণমূলের কর্মীদের সিপিএমের কর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে তাদের গ্রামছাড়া করতে নির্দেশ দেন।

তাপস পাল ১৪ জুন প্রথমে নদীয়ার নাকাশিপাড়া থানার চৌমাহা, এরপর একই জেলার গোপীনাথপুর ও তেঘরি গ্রামে দলীয় সমাবেশে দলের ছেলেদের সিপিএমের সদস্যদের বাড়িতে ঢুকিয়ে ধর্ষণসহ হত্যার হুমকি দেন।

এদিকে, পুলিশ এখন তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সংবাদমাধ্যমের কাছে কারা ফুটেজ দিয়েছেন, তাঁদের খুঁজে বের করতে তত্পর। এই দায়িত্ব দেওয়া হয়েছে নদীয়ার নাকাশিপাড়া থানার এক উপপরিদর্শককে। তদন্তকাজের অগ্রগতি দেখার জন্য পুলিশের আরেক শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গজুড়ে সাংসদ তাপস পালকে গ্রেপ্তার এবং তাঁর সাংসদপদ বাতিলের দাবিতে এখনো রাজ্যজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল কলকাতার টালিগঞ্জ, নদীয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগনার হাবড়া, দমদম, পানিহাটি এবং হুগলির শ্রীরামপুর, বর্ধমান শহর, মুর্শিদাবাদের বহরমপুরে বামদল, কংগ্রেস ও বিজেপির ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।