তাপসের বিরুদ্ধে লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাপস পালের বিরুদ্ধে লোকসভায় স্বাধিকার ভঙ্গের (প্রিভিলেজ মোশন) প্রস্তাব আনতে চলেছে বাম দল। লোকসভায় এ ধরনের ঘটনা কমই ঘটেছে।

এদিকে, গণতান্ত্রিক মহিলা সমিতির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার দুপুরে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে তাপস পালের সংসদ সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে।
দিল্লি সূত্র বলছে, এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাবের সমর্থন করবে কংগ্রেস, এমনকি বিজেপিও। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার কথা গতকাল বুধবার বলেছেন সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি। ইতিমধ্যে ওই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করে তাপস পালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র মনীষ তেওয়ারি, বিজেপির মুখতার আব্বাস নকভি ও রাজীব প্রতাপ রুডি, সিপিএমের সেলিম প্রমুখ।

গত সোমবার বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যা ও তাঁদের নারী স্বজনদের ধর্ষণের হুমকি দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিগঞ্জের অভিনেতা তাপস পাল। ২৪ ঘণ্টা নামের স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়া এই বক্তব্য প্রচার করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য তিনি নানা চাপের মুখে ক্ষমা চান।
কিন্তু এ ধরনের হুমকি দিয়েও পার পেয়ে গেলেন তাপস পাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় নেতার এহেন মন্তব্যের জন্য প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেননি। এর আগেও তিনি বীরভূম জেলার দলের সভাপতি অনুব্রত মণ্ডল, লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, বাঁকুরা জেলা পরিষদের সভাপতি অরূপ চক্রবর্তীর বেফাঁস মন্তব্যকে আমলে না নিয়ে ক্ষমা করে দেন।

নেতাদের বেফাঁস মন্তব্য করে পার পেয়ে যাওয়ার ঘটনা ভালো ভাবে নিতে পারেনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তাই এখনো রাজ্যজুড়ে তাপস পালের সংসদ সদস্যপদ বাতিল এবং তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে। তাপস পাল অপরাধ করে ক্ষমা পেয়ে যাওয়ায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের কাছে চলে গেল একটি ভুল বার্তা—তৃণমূল দল করলে খুন করেও রেহাই পাওয়া যায়।

গতকাল তাপস পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আরও কয়েকটি জনস্বার্থ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।