তামাক প্রতিষ্ঠানগুলোর ‘প্রতারণা’ স্বীকারে আদালতের নির্দেশ
ধূমপানের ঝুঁকি নিয়ে অতীতে প্রতারণা করা হয়েছে—এমন কথা উল্লেখ করে বিজ্ঞাপন প্রচারের খরচ দিতে সিগারেটসহ তামাকসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।আদালতের রুলিংয়ে ধূমপানের ক্ষতি নিয়ে বিজ্ঞাপন বা ‘সংশোধিত বিবৃতি’তে কী কী উল্লেখ থাকবে, তা-ও বলা হয়েছে। রুলিংয়ে আগামী দুই বছর পর্যন্ত এ ধরনের প্রচারণা চালাতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়।সিগারেট কোম্পানিগুলো আদালতের এই রুলের বিরুদ্ধে আপিল করতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বলেছে, তারা রুলের নির্দেশনা খতিয়ে দেখছে।রুল অনুযায়ী, সংশোধিত বিবৃতির প্রতিটির শুরুতে ‘ধূমপানের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মার্কিন জনগণের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতারণা করা হয়েছে’—এ ধরনের কথার উল্লেখ থাকতে হবে। বিবৃতিতে আরও থাকবে: ‘ধূমপান প্রতিদিন গড়ে ১২০০ মার্কিনের জীবন কেড়ে নিচ্ছে’ কিংবা ‘তামাক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে সিগারেটের নকশা আরও বেশি আকর্ষণীয় করে তুলছে’—এ ধরনের কথা। বিবিসি।