তামিল এলাকা থেকে সেনা প্রত্যাহার নয়: রাজাপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দ্বীপ দেশটির সাবেক যুদ্ধকবলিত এলাকা থেকে সেনা প্রত্যাহারে আন্তর্জাতিক আহ্বানকে নাকচ করে দিয়েছেন। গতকাল শনিবার বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের পরাজিত করার তৃতীয় বর্ষপূর্তিতে রাজাপক্ষে নাকচ করেন এই আন্তর্জাতিক আহ্বান।রাজাপক্ষে বলেন, তামিল-অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চল থেকে সামরিক ছাউনি প্রত্যাহার করা হবে না। অঞ্চলটিতে গত প্রায় চার দশক ধরে চলা সংখ্যালঘু তামিল বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় দেশটির নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছিল। তিনি বলেন, ‘দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া নাগরিকেরা, বিশেষ করে তামিল বিচ্ছিন্নতাবাদীরা এখনো তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) নেতারা বিদেশে প্রকাশ্যেই দেশবিরোধী কর্মতৎপরতা চালাচ্ছেন, এটা আর এখন গোপন নয়।’গতকাল কলম্বোর সেনা-প্যারেড গ্রাউন্ডে টেলিভিশনে দেওয়া ভাষণে রাজাপক্ষে এসব কথা বলেন। এ সময় অনেকেই উত্তরাঞ্চল থেকে সেনা শিবির প্রত্যাহারের দাবি জানায়।গতকাল ওয়াশিংটনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিসের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, শ্রীলঙ্কার সাবেক যুদ্ধকবলিত এলাকা সেনামুক্ত করে কলম্বোর মানবাধিকার রক্ষা করা উচিত। এই আহ্বানের ঠিক কয়েক ঘণ্টা পরই তা নাকচ করে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।রাজাপক্ষে বলেন, ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ায় সব দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিজেদের সমস্যা সমাধানে যথেষ্ট শক্তিও আমাদের আছে। সন্ত্রাসীদের পরাজিত করতে আমরা প্রতিবেশী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার কথা ভুলিনি। এখন আমাদের প্রত্যাশা, এবার আমাদের উন্নয়ন কর্মকাণ্ডেও তারা সহায়তা করবে।’গত মাসে প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটি সংসদীয় প্রতিনিধিদলও শ্রীলঙ্কার উত্তরাঞ্চলকে সেনামুক্ত করার আহ্বান জানিয়েছিল। কিন্তু রাজাপক্ষে তা নাকচ করে জানিয়ে দেন, কোনোভাবেই সেনা প্রত্যাহার হবে না।২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পরাজিত হয় তামিল গেরিলারা। এর পরও শুধু গত মাসেই নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় প্রায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতিগত সংঘর্ষের ঘটনায় প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে। এএফপি।