তামিল ভোটারদের দিকেই নজর এখন দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দেরি নেই। এ মাসের ২৬ তারিখে অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। গতকাল শনিবার ব্যাপকভাবে নির্বাচনী প্রচার চালান সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকা। তামিলদের ভোটব্যাংক হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় জাফনা এলাকায় তিনি ওই দিন প্রচার চালিয়েছেন। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের (৬৪) সঙ্গে তিনি দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন বলে বিশ্লেষকেরা ইতিমধ্যে আভাস দিয়েছেন। রাজাপক্ষেও নির্বাচনের আগমুহূর্তে জাফনায় যাবেন প্রচার চালাতে। গতকাল ফনসেকা জাফনার ঐতিহাসিক হিন্দুমন্দির পরিদর্শন করেন। এরপর সেখানে এক বিশাল সমাবেশে ভাষণ দেন। এ ছাড়া তিনি জাফনার রোমান ক্যাথলিক বিশপ থমাস সাভুন্দ্রান্নগামের সঙ্গে দেখা করেন।সংখ্যাগরিষ্ঠ সিংহলি সম্প্রদায়ের এই দুই প্রার্থীই তামিল ভোটারদের টানতে নানা কৌশল নিচ্ছেন। সিংহলি ভোট এবার এই দুই প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাবে। তাই তামিল ভোটের দিকে নজর দুই প্রার্থীর। ইতিমধ্যে ফনসেকা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট রাজাপক্ষে নির্বাচনে জালিয়াতি করার পরিকল্পনা করছেন। ৫৮ বছর বয়সী এই সাবেক জেনারেল আশঙ্কা করছেন, নির্বাচনী প্রচারে সহিংস ঘটনা ঘটতে পারে।ফনসেকা ভারতের টেলিভিশন নেটওয়ার্ক নিউজএক্সকে বলেন, ‘আপনারা দেখতে পারবেন সহিংসতার মধ্য দিয়ে এই নির্বাচন হবে। এ অবস্থায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে আমরা চাই প্রেসিডেন্ট রাজাপক্ষের ওপর বন্ধুদেশগুলো চাপ সৃষ্টি করুক।’প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে সাংবাদিকদের জাফনায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও গত মাসে কর্তৃপক্ষ বলেছিল, এলাকায় যাতায়াতে কড়াকড়ি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।