তামিলদের দাবি প্রত্যাখ্যান রাজাপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল স্বায়ত্তশাসনের দাবি উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। তিনি বলেছেন, এ দেশে নৃতাত্ত্বিক বিবেচনায় নানা ধরনের প্রশাসন থাকা রাজনৈতিকভাবে ঠিক হবে না। রাজাপক্ষে বলেন, এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকবে। সবাই সমান অধিকার ভোগ করবে।গত সোমবার সে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজাপক্ষে এসব কথা বলেন। স্বায়ত্তশাসনের দাবিতে সংখ্যালঘু তামিল বিদ্রোহীরা দীর্ঘ দিন ধরে লড়াই করে। ২০০৯ সালে সেনাবাহিনী বিদ্রোহীদের পরাজিত করে। এর মধ্য দিয়ে এই লড়াই আপাতত বন্ধ হয়। প্রেসিডেন্ট বলেন, ‘চার বছর আগে তামিল টাইগার বিদ্রোহীদের মূলোৎপাটন করা হয়। কিন্তু এর পরও আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা ঝুঁকি মোকাবিলা করতে হয়েছে। এসব ঝুঁকি মোকাবিলার মধ্য দিয়ে আমরা এখন শক্তিশালী অবস্থায় পৌঁছে গেছি। নানা ঝক্কি-ঝামেলা পোহানোর মধ্য দিয়ে স্বাধীনতার প্রতি আমাদের প্রতিশ্রুতি সুদৃঢ় হয়েছে।’ দ্য হিন্দু অনলাইন।