ভারতে আজ বুধবার তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। অন্য দুটি রাজ্যের মধ্যে আসামে ভোট গ্রহণ করা হয় ৪ ও ১১ এপ্রিল। আর শেষ পর্যায়ে ভোট নেওয়া হবে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে। এখানে ভোট নেওয়া হবে ছয় পর্বে। ১৮, ২৩ ও ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে। সবগুলো রাজ্যের ফলাফল গণনা হবে একসঙ্গে ১৩ মে।তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ভোট নেওয়া হবে। এ রাজ্যে ভোটারসংখ্যা চার কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৬২০ জন। প্রার্থী দুই হাজার ৭৭৩ জন। কেরালায় ভোট নেওয়া হবে ১৪০টি আসনে। ভোটার দুই কোটি ২৯ লাখ ৪০ হাজার ৪০৮ জন। প্রার্থী ৭৮০ জন। পুদুচেরিতে ভোটার আট লাখ পাঁচ হাজার ১২৪ জন। প্রার্থী ১৪৭ জন। এ রাজ্যে ভোট নেওয়া হবে ৩০টি আসনেতামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী এম করুণানিধির ডিএমকে ও জাতীয় কংগ্রেস জোট। কেরালায় সিপিআইএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ আর পুদুচেরিতে রয়েছে কংগ্রেস-ডিএমকে জোট।