তামিলনাড়ুতে আঘাত হেনেছে ‘নিলম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিলম’ গতকাল বুধবার বিকেলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কাছে মহাবালিপুরাম নামক স্থানে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের সময় সাগরের উত্তাল ঢেউয়ে ১৪ জনকে নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এর মধ্যে জেলেরা ছয়জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছেন। গতকাল বিকেল পর্যন্ত আটজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া ঝড়ের সময় বেসান্ত নগর সৈকতগামী একটি তেলবাহী ট্যাংকার বঙ্গোপসাগরে গিয়ে আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার রাতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার পর তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের উচ্চসতর্কতা জারি করা হয়। আবহাওয়াবিদেরা ধারণা করেছিলেন, নিলম আঘাত হেনে উপকূল ছাড়ার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ প্রায় ১১০ কিলোমিটার হতে পারে। সর্বশেষ খবর অনুসারে, গতকাল স্থানীয় সময় বিকেল চারটার দিকে ঘূর্ণিঝড় নিলম তামিলনাড়ুর কুডালোরের ৮০ কিলোমিটারের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করছিল। চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সময় দেড় মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। এতে চেন্নাইয়ের নিচু এলাকা এবং পার্শ্ববর্তী কাঞ্চিপুরাম ও তিরুভুলার জেলা প্লাবিত হতে পারে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।গতকাল প্রবল বর্ষণের কারণে অনেক মানুষ ঘর থেকে বের হননি। চেন্নাই শহরে ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়েছে। তামিলনাড়ুর সরকার ও চেন্নাই করপোরেশন কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে। দমকা বাতাস চলতে থাকায় চেন্নাই বিমানবন্দর বন্ধের বিষয়টি বিবেচনা করা হচ্ছিল। চেন্নাইয়ের সরকারি প্রশাসক জয়রামন জানান, সাগরে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকার পরিস্থিতি গভীরভাবে নজরদারি করছে। গতকালও স্কুল ও বন্দর বন্ধ রাখা হয়।স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হেলিকপ্টার ও ইঞ্জিনচালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বিদ্যালয় ও মিলনায়তনকে দুর্গত মানুষের আশ্রয়শিবির হিসেবে ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে। গত মঙ্গলবার শ্রীলঙ্কা ঘূর্ণিঝড়ের কারণে সরিয়ে নেওয়া মানুষদের বাড়িতে ফেরত পাঠানোর জন্য আশ্রয় দিয়েছে। এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় আঘাত হানার কথা ছিল। তবে গতিপথ পাল্টে এটি ক্রমশ ভারতের দিকে অগ্রসর হয়ে তমিলনাড়ুতে আঘাত হেনেছে। টিএনএন ও এএফপি।