ভারতের তামিলনাড়ুতে একাই লড়বে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) আগামীকাল বুধবার আবার বৈঠকে বসছে। তার ঠিক আগে আজ মঙ্গলবার কংগ্রেস জানিয়ে দিল, এবারের লোকসভা নির্বাচনে তারা তামিলনাড়ুতে একাই লড়বে। কারও সঙ্গে জোট করবে না।

কংগ্রেসের এই ঘোষণার ঠিক আগে দ্রাবিড় মুনেত্রা কাজাঘামের (ডিএমকে) নেতা এম করুণানিধি জানান, প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধী বা নরেন্দ্র মোদি কাউকেই তাঁরা সমর্থন করবেন না।

করুণানিধি গতকাল সোমবার রাতে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকায় তাঁর মেয়ে কানিমোলি, স্পেকট্রাম কেলেঙ্কারিতে ধৃত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা এবং দয়ানিধি মারান স্থান পেলেও তাঁর বিদ্রোহী ছেলে আলাগিরি টিকিট পাননি।

ডিএমকের সঙ্গে জোট না হওয়ায় তামিলনাড়ুতে কংগ্রেসের সম্ভাবনা আরও খারাপ হলো। সিইসির বৈঠকে এসব বিষয় মাথায় রেখেই প্রার্থী ঠিক করতে হবে। রেল কেলেঙ্কারি, মুম্বাইয়ের আদর্শ হাউজিং কেলেঙ্কারি ও কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির তিন নায়ক যথাক্রমে পবন বনসল, অশোক চৌহান ও সুরেশ কালমাডির স্ত্রীদের টিকিট দেওয়া উচিত হবে কি না, সেই বিতর্কের মীমাংসাও এই বৈঠকেই করতে হবে। আজ মঙ্গলবার রেল কেলেঙ্কারির মামলায় বনসলের ভাগনে বিজয় সিংলার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। ওই মামলায় বনসলকে সাক্ষী দিতে ডাকা হতে পারে। সিবিআই বনসলকে অভিযুক্ত না করায় তাঁকে টিকিট দিতে কোনো অসুবিধা না থাকলেও কংগ্রেস নেতৃত্ব ওই তিনজনের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত।

আগামীকাল বৃহস্পতিবার বিজেপির তৃতীয় তালিকা প্রকাশ পাওয়ার কথা। নরেন্দ্র মোদি ও রাজনাথ সিংয়ের নির্বাচনী কেন্দ্র ঠিক করতে বিজেপিকে চূড়ান্ত সিদ্ধান্ত ওই দিনই নিতে হবে। সিদ্ধান্তটি কঠিন। সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর এক ছেলে অনিল শাস্ত্রীকে কংগ্রেস উত্তর প্রদেশ থেকে টিকিট দিতে পারে বলে তাঁর অন্য ছেলে সুনীল শাস্ত্রী বিজেপির টিকিট চাইছেন। টিকিটের দাবি জানিয়েছেন লালবাহাদুর শাস্ত্রীর মেয়ের ছেলে সিদ্ধার্থনাথ সিংও। দিল্লি থেকে হঠাত্ই টিকিটের দাবিদার হয়েছেন সুব্রহ্মণ্যম স্বামীও। তিনি তাঁর জনতা দলকে বিজেপির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আন্না হাজারের সঙ্গী সাবেক আইপিএস অফিসার কিরণ বেদী প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়ে এখন বিজেপির টিকিটে দিল্লি থেকে দাঁড়াতে চাইছেন। দুদিনের মধ্যে এসবের মীমাংসা করে বিজেপিকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এরমধ্যে বিজেপি-শিবসেনা সম্পর্কে একটু টাল খায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা রাজঠাকরের জন্য। ঠাকরে রাজ্যে শিবসেনার বিরুদ্ধে প্রার্থী দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন জানিয়ে দিয়েছেন। শিবসেনা এতে ক্ষিপ্ত। দলের মধ্যে কানাকানি শুরু হয় বিজেপি-এমএনএস নতুন জোট সম্ভাবনা নিয়ে। সামাল দিতে রাজীব প্রতাপ রুডিকে মুম্বাই পাঠানো হয়। শিবসেনা বলেছে, বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক অটুটই থাকবে। যদিও সম্পর্কে একটু সন্দেহ ঢুকে গেছে।

এই রাজনৈতিক আবহে আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল বুধবার দুপুরে রামলীলা ময়দানে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের সঙ্গে তাঁর যৌথ জনসভা। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আন্না হাজারে সরাসরি সমর্থন করছেন।