তামিলনাড়ুতে ধুতিপরা নিয়ে বিতর্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিশেষ অনুষ্ঠান বা প্রতিষ্ঠান থেকে পোশাকবিধি তুলে দেওয়ার দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ডি হরিপারান্থারামন ধুতি পরে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবে একটি বইয়ের প্রকাশনা উত্সবে যোগ দিতে যান। বিচারপতি অনুষ্ঠানে ঢুকতে চাইলে ক্লাবের কর্মীরা এতে বাধা দেন।
কর্মীরা বিচারপতিকে বলেন, ক্লাবের পোশাকবিধি অনুসরণ না করায় তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এতে বিচারপতি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি অনুষ্ঠানে অংশ না নিয়ে ফিরে যান।
এই ঘটনা ফাঁস হলে তামিলনাডুজুড়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়, তামিলদের ঐতিহ্যবাহী পোশাক—ধুতি। এটি তামিল সংস্কৃতির অঙ্গ।
অনুষ্ঠান বা প্রতিষ্ঠানে ধুতি পরার ক্ষেত্রে থাকা বিধিনিষেধ অবিলম্বে বাতিল করতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমকে প্রধান এস করুণানিধি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাধারণের অনুষ্ঠানে এসব পোশাকবিধি তুলে দিতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
পিএমকের প্রতিষ্ঠাতা নেতা এস রামাদাস, টিএনসিসি সভাপতি বি এস জ্ঞানদেশিকান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ধুতি পরার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানান তাঁরা।
তামিলনাড়ু বিধানসভার সিপিএমের পরিষদীয় দলের নেতা এ সুন্দরাজন বলেছেন, আজ সোমবার এ ঘটনা নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনবে তাঁদের দল।
ধুতিপরা রাজ্যের তামিল সংস্কৃতির একটি অঙ্গ। সেখানে বহু মানুষ লুঙ্গির মতো ধুতি পরেন।