তার হাতে-পায়ে ২৬টি আঙুল
২৬টি আঙুল নিয়ে জন্মেছে লি ইয়াতি মিন। তার দুই হাতে ১২টি ও দুই পায়ে রয়েছে ১৪টি আঙুল। হাতে ও পায়ে অতিরিক্ত আঙুল নিয়ে শিশুর জন্মের ঘটনা নতুন কিছু নয়। তবে যেসব শিশু অতিরিক্ত আঙুল নিয়ে জন্মায়, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, বড় হওয়ার পর ওই অতিরিক্ত আঙুলগুলো তাদের কোনো কাজে আসে না। তার ওপর এই অতিরিক্ত আঙুল নিয়ে নানা দেশে নানা কুসংস্কার রয়েছে। তাই অনেক শিশুর মা-বাবা ওই অতিরিক্ত আঙুল অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেন। কিন্তু অতিরিক্ত আঙুল লি ইয়াতির কোনো অসুবিধা করছে না। তার সব কয়টি আঙুলই সক্রিয়।মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের উপকণ্ঠে একটি কাঠের কুটিরে লির পরিবারের বসবাস। লি এখন ১৬ মাসে পা দিয়েছে। গুটি গুটি পায়ে ওই কুটিরের এ-ধার থেকে ও-ধার হেঁটে বেড়ায় সে। হাতের নাগালের কাছে পেলে এটা-ওটা ধরে।তার মা ফিও মিন মিন সোয়ের দাবি, লি তার সব কয়টি আঙুলের ব্যবহার করছে। অতিরিক্ত আঙুল থাকায় বাড়তি সুবিধা আদায় করছে মেয়ে। মুঠোফোনসহ কোনো কিছু সে বরং আরও শক্ত করে আঁকড়ে ধরতে পারছে। লির মা এমন মেয়ে জন্ম দিতে পেরে গর্ববোধ করেন।ফিও মিন মিন সোয়ে গত মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে বলেন, লিকে জন্ম দেওয়ার পরই তিনি সেবিকার কাছ থেকে জানতে পারেন, লির হাত ও পা স্বাভাবিক। তবে স্বাভাবিকের তুলনায় ছয়টি বেশি আঙুল রয়েছে তার। তিনি বলেন, ‘আমি চাই বিরল এই বৈশিষ্ট্যের জন্য লির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠানো হোক।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতের দুই ব্যক্তি সবচেয়ে বেশি আঙুলের অধিকারী। তাঁদের প্রত্যেকের হাতে ১২টি ও পায়ে ১৩টি করে আঙুল রয়েছে। এপি