তারা আমার স্বপ্নকে গুলি করতে পারেনি: মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

‘তালেবান জঙ্গিরা আমার মাথায় গুলি করেছে, কিন্তু তারা আমার স্বপ্নকে গুলি করতে পারেনি। তারা আমাকে হত্যা করতে পারে, কিন্তু আমার লক্ষ্যকে হত্যা করতে পারবে না। আমার লক্ষ্য হলো শিক্ষা, শান্তি, সমতা ও মানবাধিকার। এগুলো বেঁচে থাকবে।’ সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই এসব কথা বলে।
মালালা বলে, ‘সন্ত্রাসবাদের আগে সোয়াত উপত্যকার সবকিছু স্বাভাবিক ছিল। বিদ্যালয়ে যেতাম, শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ করতাম, পরীক্ষায় ভালো নম্বর পেতাম। আমরা বন্ধুদের মধ্যে নিজেরা আলোচনা করতাম, কেন পড়াশোনা করছি? যখন সন্ত্রাসীরা এল তখন ওই প্রশ্নের উত্তর পেলাম। তারা আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে চাইল। আমি প্রমাণ পেলাম, সন্ত্রাসীরা শিক্ষাকে ভয় পায়। শিক্ষার শক্তিতে তারা ভীত।’
সাক্ষাৎকারে মালালা বলে, ‘তালেবান ইসলামের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করে...আমি বলব, তাদের সম্পর্কে আমাদের ভাবতে হবে। আমি তাদের শান্তির পথে আসতে বলব। আমি বলতে চাই, কলম দিয়ে জিহাদ করুন, কথা দিয়ে জিহাদ করুন। আমি যে জিহাদ করছি। আমি আমার অধিকার, প্রতিটি মেয়েশিশুর অধিকারের জন্য জিহাদ করছি।’
সাক্ষাৎকারে গুলির পর চেতনা ফিরে পাওয়ার সময়ের বর্ণনা দিতে গিয়ে মালালা বলে, ‘চেতনা ফিরে পাওয়ার পর চিকিৎসক ও সেবিকাদের ইংরেজিতে কথা বলতে শুনে বুঝতে পারি, আমি পাকিস্তানে নেই। কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাসের জন্য গলায় নল লাগানো থাকায় কথা বলতে পারছিলাম না। ইশারা করে তাঁদের কাছ থেকে কলম-কাগজ নিই। লিখে মা-বাবার কথা জিজ্ঞেস করি।’
মালালা জানায়, চেতনা ফেরার এক সপ্তাহ পর্যন্ত হাসপাতালের খরচ নিয়ে চিন্তিত ছিল সে। মালালা বলে, ‘আমি জানি আমাদের অর্থ নেই। বাবা ভাড়া নেওয়া একটি ঘরে স্কুল চালান, আমরা ভাড়া বাড়িতে থাকি...পরে মনে হয়েছে, বাবা হয়তো অনেক অর্থ ঋণ করেছেন।’
মালালার বই নিষিদ্ধ করেছে তালেবান: মালালার স্মৃতিকথা নিয়ে রচিত তার বই আই অ্যাম মালালা নিষিদ্ধ করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এ কারণে পেশোয়ারের কোনো বিক্রেতা বইটি দোকানে রাখতে চাইছেন না।
স্থানীয় পত্রপত্রিকায় মালালার বই নিষিদ্ধ করা নিয়ে টিটিপির অবস্থানের খবর প্রকাশিত হয়।
একজন বিক্রেতা বলেন, ‘এখানে তালেবানের কথা উপেক্ষা করার সাহস কার আছে? অনেকেই বইটি কিনতে চাইছেন। আমরা তাঁদের ইসলামাবাদে যোগাযোগ করতে বলেছি।’ সিএনএন ও ডন।