তারা যেকোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ৫০০ আত্মঘাতী নারী সদস্য রয়েছে, তারা যেকোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসা টিটিপির তিন সদস্যের প্রতিনিধিদলের একজন মাওলানা আবদুল আজিজ এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের প্রতিষ্ঠানে বসে দেওয়া এক সাক্ষাত্কারে মাওলানা আবদুল আজিজ বলেন, সরকারের সঙ্গে সমঝোতা চুক্তিতে যাওয়ার কোনো তাড়া নেই টিটিপির। আজ বুধবার পাকিস্তানের ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
মাওলানা আজিজ সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের জানা থাকা দরকার যে ওয়াজিরিস্তান ও অন্যান্য উপজাতি-অধ্যুষিত এলাকায় ৪০০-৫০০ আত্মঘাতী নারী সদস্য আছে টিটিপির। সরকারকে বিষয়টি ও টিটিপির দাবিগুলো বুঝতে হবে।’
দলের আদর্শিক অবস্থান ব্যাখ্যা করে মাওলানা আজিজ বলেন, তালেবান শরিয়া আইন চালু করতে চায়। তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান ও অন্যরা বিতর্কিত যেসব বিবৃতি দিয়েছেন, তার ব্যাপারে তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এ দাবি আদায়ের ক্ষেত্রে ‘খুবই তুচ্ছ বিষয়’।
মাওলানা আজিজের প্রতিষ্ঠানে এক হাজার ৩০০ নারী পড়াশোনা করে। সেখানে বসেই তিনি বলেন, মানুষ যখন তার অধিকার পায় না, তখনই হাতে অস্ত্র তুলে নেয়—এটাই প্রকৃতির নিয়ম।
তবে ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের পরিচালক মুহাম্মদ আমির রানা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত নারী সদস্যদের সম্পর্কে বলেন, ‘এটি অতিরঞ্জিত সংখ্যা। গুজব প্রচারণার যুদ্ধে তালেবান এগিয়ে আছে। তারা রাষ্ট্রকে কঠিন সময়ের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।’
পাকিস্তানের লাল মসজিদে অভিযানের পর মাওলানা আজিজের দুই বছরের কারাদণ্ড হয়। গত সপ্তাহে তিনি সরকারের সঙ্গে টিটিপির আলোচনার প্রতিনিধিদল থেকে নিজেকে সাময়িক প্রত্যাহার করে নেন। তাঁর অভিযোগ, সরকার সংবিধানের আলোকে আলোচনা করতে চায়।
মাওলানা আজিজ বলেন, টিটিপির কোনো তাড়া নেই। তবে সরকার যদি তাদের দমনে সামরিক অভিযান চালায়, তবে টিটিপির আত্মঘাতী সদস্যরা মাঠে নামবে। তাঁর দলের আত্মঘাতী বোমারু সদস্যদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই আত্মঘাতী বোমারুরা এতটাই শক্তিশালী যে তারা চাইলে আফগানিস্তানে মার্কিনদের ধ্বংস করে দিতে পারে।