তারিক আজিজের মৃত্যুদণ্ড
ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজকে গতকাল মঙ্গলবার মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ ফৌজদারি আদালত। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়। তারিক আজিজ আন্তর্জাতিকভাবে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন সরকারের সবচেয়ে পরিচিত মুখ ছিলেন।১৯৮০-এর দশকে দেশ থেকে ধর্মীয় দল নির্মূল করার অভিযানে ভূমিকার জন্য তারিক আজিজকে এ সাজা দেওয়া হলো। একই মামলায় সাদ্দামের আরও দুই ঘনিষ্ঠ ব্যক্তিকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এঁরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সদৌন শাকের ও সাদ্দামের সচিব আবিদ হামুন্দ। আদালতের মুখপাত্র মোহাম্মদ আবদুল সাহেব বলেন, ১৯৮২ সালে বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত দুজাইল শহরে সাদ্দাম হোসেনকে হত্যার চেষ্টা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই সময় শিয়াদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়, তাতে এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইরাকের আইন অনুযায়ী, কার্যকর করার আগে এই মৃত্যুদণ্ডাদেশ প্রেসিডেন্সিয়াল কাউন্সিলে অনুমোদন করাতে হবে। এর আগে ১৯৯২ সালে বাগদাদে ৪২ জন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে ১৫ বছর এবং ইরাকের উত্তরাঞ্চল থেকে কুর্দিদের বিতাড়নে ভূমিকা রাখার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তারিক আজিজকে। রায়ের প্রতিক্রিয়ায় তারিক আজিজের ছেলে জিয়াদ বলেন, তাঁর বাবাকে দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশ উইকিলিকস ওয়েবসাইটে ইরাক যুদ্ধ নিয়ে প্রকাশিত দলিলগুলোর যথার্থতাই প্রমাণ করেছে। জিয়াদ বলেন, ‘এই সিদ্ধান্ত অতীতের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ।’ এএফপি ও রয়টার্স।