তারিক আজিজের মৃত্যুদণ্ডাদেশে সই করবেন না তালাবানি
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, তিনি সে দেশের সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের মৃত্যুদণ্ডাদেশে সই করবেন না। গত বুধবার ফরাসি টেলিভিশন ফ্রঁস ২৪কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।আন্তর্জাতিক বিশ্বের কাছে সাদ্দামের পর তাঁর সরকারের সবচেয়ে পরিচিত মুখ তারিক আজিজকে ওই সময়ের বিভিন্ন অন্যায়ের জন্য সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।তালাবানি স্বাক্ষর না দেওয়ায় আজিজের মৃত্যুদণ্ডাদেশ আটকাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফ্রঁস ২৪ টিভিকে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেন, ‘না, আমি ওই মৃত্যুদণ্ডাদেশে সই করব না। কারণ আমি একজন সোশ্যালিস্ট।’ তালাবানি আরও বলেন, ‘তারিক আজিজের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তিনি একজন খ্রিষ্টান। তাঁর বয়স ৭০-এর বেশি। এসব বিবেচনা করে আমি ওই মৃত্যুদণ্ডাদেশে সই করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’১৯৮০ সালে শিয়া মুসলিম গোষ্ঠীগুলোর ওপর দমন-পীড়ন চালানোর দায়ে গত ২৬ অক্টোবর ইরাকের সর্বোচ্চ অপরাধ আদালত সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওই আদেশ ৩০ দিনের মধ্যে কার্যকরের বিধান রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ভ্যাটিকান ও রাশিয়া ছাড়াও বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন আজিজের মৃত্যুদণ্ড মওকুফের অনুরোধ জানিয়েছে।মার্কিন সামরিক অভিযানে সাদ্দামের পতনের পর ৭৪ বছরের আজিজ ২০০৩ সালে আত্মসমর্পণ করেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তারিক আজিজ বেশ অসুস্থ বলে জানা গেছে।মৃত্যুদণ্ড ছাড়াও আদালত তারিক আজিজকে নির্যাতন চালানোর দায়ে ১৫ বছরের এবং নির্যাতনে অংশ নেওয়ার দায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নির্যাতনের দায়ে সাদ্দাম আমলের স্বরাষ্ট্রমন্ত্রী সাদাউন শাকের ও সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী আবিদ এইচ মাউদকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।জালাল তালাবানি গত বুধবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন।২০০৬ সালে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডাদেশেও সই করেননি তিনি। তাঁর একজন উপপ্রধান সই করার পর সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়। এবার সাদ্দামের ঘনিষ্ঠ আজিজের ব্যাপারে কী ঘটতে যাচ্ছে, বিষয়টি পরিষ্কার নয়। এএফপি ও বিবিসি অনলাইন।