তারিক আজিজের সঙ্গে কারাগারে স্ত্রী ও স্বজনদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের সঙ্গে কারাগারে দেখা করেছেন তাঁর স্ত্রী ও নাতি-নাতনিরা। তাঁর ছেলে জাহিদ আজিজ গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।জাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমার চার সন্তান এবং দুই বোন জয়নাব ও মাইসার তিন সন্তানকে নিয়ে আমার মা ও স্ত্রী গত সপ্তাহে বাবার সঙ্গে দেখা করেছেন।’ জাহিদ বর্তমানে সপরিবারে জর্ডানের রাজধানী আম্মানে বাস করছেন।জাহিদ বলেন, ‘আমার বাবা তাঁর নাতিদের অনেককেই চিনতে পারেননি, কেননা ২০০৩ সালের পর তিনি আর তাঁদের দেখেননি। এ ছাড়া আমার সাত বছরের মেয়েকে তিনি এবারই প্রথম দেখলেন।’তারিক আজিজ এখন চোখে কম দেখেন এবং ঠিকমতো চলাফেরা করতে পারেন না বলে জানান জাহিদ।জাহিদ বলেন, ‘কারাগারে আমার বাবার সময় কাটে বই ও পত্রপত্রিকা পড়ে, আমরাই সেগুলো তাঁকে পাঠাই। তবে তিনি এখন বইপত্র পাঠাতে না করেন। তিনি নাকি পড়তে পারেন না।’২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের মুখে বাগদাদের পতনের পরপরই এপ্রিল মাসে আত্মসমর্পণ করেন তারিক আজিজ। আশির দশকে শিয়া হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে গত বছর আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট জালাল তালাবানি। এএফপি।