ভারতের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। দেশটিতে সাধারণত বর্ষীয়ান রাজনীতিকদের মন্ত্রিত্ব দেওয়ার রীতি থাকলেও এবার দায়িত্ব পেয়েছেন তুলনামূলক তরুণ নেতারা। বিষয়টিকে ‘তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ৮০ বছর বয়সী এস এম কৃষ্ণার স্থলাভিষিক্ত হয়েছেন ৫৯ বছর বয়সী সালমান খুরশিদ। এ প্রসঙ্গে কৃষ্ণা বলেন, তিনি তরুণদের জন্য পথ করে দিচ্ছেন।এদিকে ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী নতুন মন্ত্রিসভায় যুক্ত না হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নেহেরু-গান্ধী পরিবারের এই তরুণ উত্তরসূরি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়। কংগ্রেস যদি ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়, তাহলে সরকারি দায়িত্বে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই সম্ভবত তাঁকে প্রধানমন্ত্রী পদে দেখা যেতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর নতুন মন্ত্রিসভা ঘোষণার সময় গত রোববার বলেন, ‘রাহুল মন্ত্রিসভায় যুক্ত হলে আমি আনন্দিত হতাম। কিন্তু কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের জন্য কাজ করতে চান।’রাহুলের মা ও কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী ২০০৪ সালে প্রধানমন্ত্রী পদের জন্য মনমোহন সিংকে মনোনীত করেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত সরকার সামলানোর জন্য মনমোহনকে বাছাই করা হয় বলে বিশ্লেষকেরা মনে করেন। এদিকে দেশ পরিচালনার আগে সরকারি কোনো পদে শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব নিতে রাহুল তেমন আগ্রহ প্রকাশ করেননি। তবে তাঁর সহযোগীরা বলেন, তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাহুল। মন্ত্রিসভায় ছোটখাটো পদ পাওয়ার চেয়ে আগামী নির্বাচনই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।কিন্তু উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে সাম্প্রতিক নির্বাচনে রাহুলের প্রচার-কার্যক্রম সত্ত্বেও বাজে ফলাফল করেছে কংগ্রেস। জনগণের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে রাহুলের অংশগ্রহণ থাকলেও সংকটকালে তাঁকে মনমোহন কিংবা সোনিয়ার সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে দেখা যায়। তবে পার্লামেন্টে রাহুল গত বছর দুর্নীতিবিরোধী একটি ব্যতিক্রমী ভাষণ দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দায় এড়াতেই মন্ত্রিসভার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। এতে করে তিনি নিজের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে জনসাধারণের কাছে যেতে পারবেন। সংস্কার উদ্যোগ, দুর্নীতির অভিযোগ প্রভৃতি কারণে সরকার ইতিমধ্যে বেশ সমালোচিত হয়েছে। তাই সরকারে সরাসরি অন্তর্ভুক্তি রাহুলের জন্য আগামী নির্বাচনে প্রতিবন্ধক হিসেবে দেখা দিতে পারে। বর্তমান সিদ্ধান্তের ফলে বিরোধী দলগুলো রাহুলের বিরুদ্ধে জোরালো প্রচারণার সুযোগ থেকে বঞ্চিত হবে। বিশ্লেষকদের অপর একটি দল মনে করে, গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কয়েক বছর ধরে কাজ করে অর্জিত অন্তর্দৃষ্টিই রাহুলকে মন্ত্রিত্ব গ্রহণে বিরত রেখেছে। এই মুহূর্তে কংগ্রেসের ভাবমূর্তি পুনরুদ্ধার করাটাই সবচেয়ে বেশি জরুরি। এদিকে কংগ্রেস দলে রাহুল আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন বলে দলটির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং ইঙ্গিত দিয়েছেন। কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ পদে শিগগিরই রাহুলকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে। তিনি দলের ‘মহাসচিব’ অথবা ‘কার্যকরী সভাপতি’ পদে উন্নীত হবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর প্রদেশ রাজ্যের আমেথি আসন থেকে নির্বাচিত সাংসদ রাহুল বর্তমানে দলের যুব শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে তৃণমূল কংগ্রেস সম্প্রতি সমর্থন প্রত্যাহার করায় মন্ত্রিসভা পুনর্গঠন অনিবার্য হয়ে পড়ে। তবে আগামী নির্বাচনের আগে মন্ত্রিসভায় আর রদবদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মনমোহন। নবনিযুক্ত ২২ সদস্যের মধ্যে সাতজন মন্ত্রী ও ১৫ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এপি, রয়টার্স, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।