তারের ওপর রণপায়ে হাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ উঁচুতে টান টান করে বাঁধা দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর ব্যাপার। তবে তা এখন আর নতুন কিছু নয়। সার্কাস বা প্রদর্শনীতে দড়াবাজেরা হরহামেশাই এমন কসরত দেখাচ্ছেন। কিন্তু কেউ যদি রণপা দিয়ে অনেক উঁচুতে টানানো দড়ির ওপর দিয়ে হাঁটে! তাহলে অবাক হতেই হবে। কারণ রণপা দিয়ে মাটিতে হাঁটাই অনেক কষ্টসাধ্য।৭০ ফুটেরও বেশি উঁচুতে টানানো তারের ওপর রণপা দিয়ে হেঁটে এই অসাধ্য সাধন করেছেন সামাতি ওয়াইয়িমিং (৩৩)। চীনের বাসিন্দা তিনি। পদার্থবিজ্ঞানের শিক্ষক। জিনজিয়াং প্রদেশের উলুমুকির শাওফু ওয়াটার পার্কে এই তাক লাগানো কাণ্ডটি করেন সামাতি। দুই ফুট দীর্ঘ রণপা লাগিয়ে তারের ওপর দিয়ে ২০ মিটার পর্যন্ত হেঁটে যান তিনি। প্রতিটি কদম ফেলার আগে কয়েক সেকেন্ড করে সময় লেগেছে ভারসাম্য ঠিক রাখতে। আর এই সময়টুকু ছিল শ্বাসরুদ্ধকর। হেঁটে যাওয়ার সময় নিজের নিরাপত্তার জন্য বাড়তি কোনো ব্যবস্থাও নেননি তিনি।তারের ওপর দিয়ে পাঁচ কদম হেঁটে যাওয়ার পর ভারসাম্য হারাতে বসেছিলেন সামাতি। এ সময় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পড়ে গেলে যে কী হতো, তা আর বলার অপেক্ষা রাখে না। এ জন্য দর্শক আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। কিন্তু অসামান্য দক্ষতায় নিজেকে সামলে নেন তিনি। বাকি কাজটুকু শেষ করেন বীরদর্পে। আর তখন স্বস্তি ফিরে আসে দর্শকের মধ্যে। বাদ্যযন্ত্রের উদ্দাম ছন্দে ঘোষিত হয় তাঁর বিজয়। লেখা হয়ে যায় তারের ওপর রণপা দিয়ে হাঁটার এক অনন্য রেকর্ডের কথা। অরেঞ্জ অনলাইন।