তালাকপ্রিয় একজন ইসরায়েলি
একজন দুজন পাঁচজন নয়, এ জীবনে এখন পর্যন্ত ১১ জন স্ত্রীকে তালাক দিয়েছেন। শুধু তা-ই নয়, নতুন করে আবারও বিয়ে করার জন্য পাত্রী খুঁজছেন। সময় হলে একদিন তাঁকেও তালাক দেবেন। এখানেই শেষ নয়, এই স্ত্রীকেও তালাক দেওয়ার পর যথারীতি আবার বিয়ে করবেন। এক সময় তাঁকেও তালাক দেবেন আবার বিয়ে করবেন। এভাবেই জীবনটা পার করে দেওয়ার পরিকল্পনা করেছেন এক ইসরায়েলি। বয়সও নেহাত কম নয়, তালাকপ্রিয় এই ইহুদি মানুষটির বয়স ৫০ বছর। থাকেন জেরুজালেমে।ইসরায়েলের গণমাধ্যমগুলো সম্প্রতি জানিয়েছে, তালাক দেওয়ার ক্ষেত্রে রেকর্ড করেছেন এই ব্যক্তি। এর আগে সাতজন স্ত্রীকে তালাক দেওয়ার রেকর্ড রয়েছে ইসরায়েলে। পত্রিকাগুলো বলেছে, গত মাসে সর্বশেষ স্ত্রীকে তালাক দেন এই ইহুদি। তবে ধর্মীয় আইন মেনেই তিনি স্ত্রীদের তালাক দিয়েছেন বলে পত্রিকাগুলো জানায়। তবে পত্রিকাগুলো তাঁর নাম প্রকাশ করেনি।১১তম স্ত্রীকে তালাক দেওয়ার সময় ওই ব্যক্তি ইহুদি ধর্মযাজকদের আদালতে বলেন, সাধারণত প্রতি দুই বছর অন্তর তিনি স্ত্রীদের তালাক দিয়ে থাকেন। তালাকের পর পরই নতুন পাত্রীর সন্ধানে নামেন তিনি। বলেন, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার সময় তাঁর অনুশোচনা হয়েছিল। কিন্তু এখন আর হয় না। স্ত্রীদের তালাক দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে তাঁর।ওই ব্যক্তির তালাকপ্রাপ্ত সর্বশেষ স্ত্রী বলেছেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী কোনো কাজই করতেন না। স্ত্রীর উপার্জনের ওপরই নির্ভর করতেন তিনি। আর এই দুই বছরে তো ধারদেনা করে ভরে ফেলেছেন তিনি।আদালত বলেছেন, নারীদের বিয়ের জন্য প্ররোচিত করার ক্ষমতা আছে লোকটির। ভুলিয়ে-ভালিয়ে নারীদের বিয়েতে রাজি করিয়ে থাকেন। এ ক্ষেত্রে অবশ্য কিছু সংবেদনশীল উপায়ের দ্বারস্থ হন তিনি। কিন্তু বিয়ের পরই দেখা দেয় যত বিপত্তি। স্বামী-স্ত্রীর মধ্যে দেখা দেয় মনোমালিন্য। দুজন দুজনার ওপর বিরক্ত হয়ে যান। সিদ্ধান্ত আসে তালাকের।আদালত এক বিবৃতিতে বলেছেন, বয়স ৫০ বছর হলেও এই মানুষটির চুলে কোনো পরিবর্তন আসেনি। পাক ধরেনি তাতে। আরও বলা হয়েছে, অনেক বিয়ের অভিজ্ঞতা থাকার পরও এ থেকে বিরত থাকার কোনো লক্ষণ নেই তাঁর। আবারও বিয়ে করার পরিকল্পনা করেছেন তিনি।১১টি বিয়ে করলেও সন্তান তেমন নেননি ওই ব্যক্তি। ১১ স্ত্রীর সংসারে মাত্র একটি সন্তান আছে তাঁর। তবে সেই একমাত্র সন্তানের প্রতিও তিনি উদাসীন। আদালত বলেছেন, সন্তানের ভরণপোষণের কোনো দায়িত্বই পালন করেননি তিনি। তবে আদালত সব নিয়মকানুন মেনে তালাক দেওয়ায় ওই ব্যক্তির প্রশংসা করেছেন। স্ত্রী তালাক দেওয়ার পর নতুন পাত্রী খুঁজতে গিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাঁর। এ ব্যাপারে আদালতে তিনি স্বীকার করেছেন, ‘আমি টোপ ফেলে রাখি। আর শিকার তাতে নিজেই এসে ধরা দেয়।’ বিবিসি অবলম্বনে।