তালিকার শীর্ষ ১০টি নামই নরেন্দ্র মোদির!

ভারতের উগ্রপন্থী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) গ্রেপ্তার হওয়া নেতা ইয়াসিন ভাটকল পুলিশি জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁদের সংগঠনের লক্ষ্যবস্তুর তালিকায় এক থেকে ১০ নম্বর পর্যন্ত রয়েছে কেবল গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।
ইয়াসিন ভাটকলকে ইন্ডিয়ান মুজাহিদিনের সহপ্রতিষ্ঠাতা মনে করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদকারী বিহার পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত আগস্টে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি ওই তালিকার প্রথম ব্যক্তি...দ্বিতীয়জনও মোদি...এভাবে ১০ জনের শেষজনও মোদি, শুধুই নরেন্দ্র মোদি।’ উল্লেখ্য, বিহার পুলিশের সদস্যরা আইএমের হামলার প্রধান লক্ষ্যবস্তু।
এদিকে আইএমের অন্য কয়েকজন সদস্য বলেছেন, তাঁরা তাঁদের তৎপরতাকে ২০০২ সালে গুজরাটে সংঘটিত ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সমুচিত জবাব হিসেবে দেখে থাকেন।
গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রথম দফা দায়িত্ব পালনকালে সংঘটিত এ দাঙ্গায় শত শত লোক মারা যায়, যাদের অধিকাংশই ছিল মুসলমান। মোদির বিরুদ্ধে অনেকেই এ দাঙ্গা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা, এমনকি উসকানি দেওয়ার অভিযোগ করে থাকেন।
ইয়াসিন ভাটকল ভারতের শীর্ষ সন্ত্রাসীদের একজন। গত মাসে পাটনায় মোদির সমাবেশে বোমা হামলার ঘটনার জট খুলতে তাঁর দেওয়া কিছু তথ্য তদন্তকারীরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন। টাইমস অব ইন্ডিয়া।