আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল সোমবার তালেবান জঙ্গিরা কয়েকটি ভবনে হামলা চালিয়েছে। এসব হামলার পর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এসব ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন।তালেবান জানায়, তাদের ২০ জন যোদ্ধা ওই হামলা চালিয়েছে। তারা বিভিন্ন ভবনে বোমা গ্রেনেড হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও ছিল বলে তারা জানিয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ ও সেরেনা হোটেলের আশপাশে তুমুল সংঘর্ষ হয়। লড়াই চলে প্রায় তিন ঘণ্টা ধরে।আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, বাকি চারজন জঙ্গি।জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের প্রধান সৈয়দ কবির আমিরি বলেন, ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। নিহত ব্যক্তিরা বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মী। আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক লোক।তালেবানের ওয়েবসাইটে বলা হয়, বিশেষত সরকারি ভবন ও হোটেল লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। লড়াই শুরুর পর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ ২০ জনের একটি দল সরকারি বিভিন্ন ভবন দখল করে নিয়েছে। তারা আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।কাবুল থেকে বিবিসি সংবাদদাতা জানান, কমপক্ষে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় কতজন হতাহত হয়েছে, সেটা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় হামলাটি চালানো হয় সিনেমা পামির এলাকায়।তবে একটি নিরাপত্তা সূত্র জানায়, দুই পক্ষের বন্দুকযুদ্ধ চলার মধ্যেই কাবুলের একটি বিপণিকেন্দ্রের বাইরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত হয়েছে। এর কয়েক মিটার দূরেই একটি সিনেমা হলের কাছে অপর একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আফগান প্রেসিডেন্ট কাবুলের অধিবাসীদের আশ্বস্ত করতে চান যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। আইনশৃঙ্খলা ফিরে এসেছে।বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ওই সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ওই নিষ্ঠুর ও দেশপ্রেমবর্জিত হামলার জন্য দায়ী, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থলের একটি বিপণিকেন্দ্রে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। সেনাসদস্যরা সেনাবাহিনীর গাড়ির পেছনে অবস্থান নিয়েছেন। কর্মকর্তারা বলেন, জঙ্গিদের দখল করা ভবনগুলো পুনর্দখল করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিবিসি, এএফপি ও হিন্দুস্তান টাইমস।