তালেবান কয়েদিদের মুক্তি দিচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন আফগান তালেবান কয়েদিকে মুক্তি দিতে রাজি হয়েছে পাকিস্তান সরকার। আফগানিস্তানের শান্তি আলোচক ও পাকিস্তান কর্তৃপক্ষের মধ্যে এক আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকটি হয়।আফগান কর্মকর্তারা এই সিদ্ধান্তকে সে দেশে শান্তি প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। আর পাকিস্তান বলেছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি ইসলামাবাদের যে সমর্থন রয়েছে, তা প্রমাণে কয়েদিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত একটা বাস্তবভিত্তিক পদক্ষেপ।পাকিস্তানের কারাগার থেকে যেসব তালেবান নেতা মুক্তি পাচ্ছেন তাঁদের তালিকায় তালেবান শাসনামলের সাবেক বিচারমন্ত্রী মোল্লা নুরুদ্দিন তুরাবি ও দুজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। তবে তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গনি বারাদার নাম এই তালিকায় নেই বলে ধারণা করা হচ্ছে। আফগান কর্মকর্তাদের দৃষ্টিতে তালেবানের কাছে এই নেতার এখনো নেতৃত্ব দেওয়ার মতো গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তালেবান নেতাদের মুক্তি দেওয়ার চুক্তিটি তাৎপর্যপূর্ণ। এই নেতারা মুক্তির পর কবে নাগাদ দেশে ফিরে তালেবান সদস্যদের শান্তি প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবেন এখন তারই জন্য অপেক্ষা করা হচ্ছে। তালেবান নেতাদের মুক্তির ব্যাপারে আফগান সরকার দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে আসছে। কাবুল মনে করে, আটক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করা গেলে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার চলমান উদ্যোগ আলোর মুখ দেখবে।একজন আফগান কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘শান্তি আলোচনার ক্ষেত্রে মুক্তিপ্রাপ্ত তালেবান নেতারা কোনো ভূমিকা রাখতে পারবেন কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার ক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’কর্মকর্তারা জানান, তালেবান নেতাদের কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে এখনো আলোচনা চলছে। ২০১৪ সালের শেষ নাগাদ বেশির ভাগ ন্যাটো সেনাদের প্রত্যাহার করে নেওয়ার আগে আফগান সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান থেকে প্রায়ই অভিযোগ করা হয়, আফগানিস্তানে জঙ্গিদের সমর্থন দিচ্ছে পাকিস্তান; কিন্তু এই পদক্ষেপের মধ্য দিয়ে সেই অভিযোগও অনেকটা ঢাকা পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। পাকিস্তান বরাবরই আফগান জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি ও রয়টার্স।