তালেবান জঙ্গিদের হামলার দৃশ্য সরাসরি সম্প্র্রচার নিষিদ্ধ করেছে আফগানিস্তান
তালেবান জঙ্গিদের হামলার দৃশ্য সরাসরি সম্প্র্রচার নিষিদ্ধ করেছে আফগান সরকার। টেলিভিশনে প্রচারিত খবরগুলো তালেবানের নিজেদের স্বার্থে ব্যবহারের সুযোগ বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানান। এদিকে আফগানিস্তানের গণমাধ্যম অধিকার সংগঠনগুলো এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, এটি সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন।আফগান সরকারের গণমাধ্যম ইউনিটের একজন কর্মকর্তা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।একজন মুখপাত্র জানান, হামলার দৃশ্য সরাসরি সম্প্র্রচারের ফলে জঙ্গিরা তাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারে। উল্লেখ্য, গত শুক্রবার কাবুলে এক জঙ্গি হামলায় ১৬ জন নিহত হয়।সরকারি গণমাধ্যম ও তথ্যকেন্দ্রের প্রধান হাকিম আসির বলেন, সাংবাদিকেরা চলমান কোনো হামলার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়ার ফলে দুটি বিষয় সামনে চলে আসে। এক. তখন তারা নিজেদের বিপদের মুখে ঠেলে দেন; দুই. হামলার সংবাদ বা অভিযানের সর্বশেষ অবস্থা প্রচারের কারণে শত্রুরা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যায়।নিষেধাজ্ঞার বিষয়ে জানতে দ্য ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির সঙ্গে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।একজন মুখপাত্র শুধু এটুকু জানান, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কয়েকটি ছোট দলে ভাগ করে প্রতিটি দলকে আলাদা করে ডেকে নতুন আইন সম্পর্কে জানানো হবে।আফগানিস্তানের সংবাদ সংস্থা ‘পাঝোক’ জানিয়েছে, বিবিসি, আল-জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে ইতিমধ্যে নতুন আইন সম্পর্কে জানানো হয়েছে।আগস্টে নির্বাচন সামনে রেখে আগাম উদ্যোগ হিসেবে আফগান সরকার জঙ্গিদের হামলার দৃশ্য সরাসরি সম্প্র্রচার নিষিদ্ধ করল বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের গণমাধ্যম অধিকার সংগঠনগুলো এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, এটি সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন। এএফপি।