মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান সফরে গিয়ে বলেছেন, দীর্ঘ এক দশক ধরে চলা আফগান যুদ্ধ এখন ‘সন্ধিক্ষণে’ এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, এখনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা থাকলেও তালেবান ক্রমাগত ‘দুর্বল’ হয়েছে।ভারত থেকে গতকাল সংক্ষিপ্ত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে যান প্যানেট্টা। কাবুল বিমানবন্দরে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের সঙ্গে কথা বলেন। মাত্র তিন মাসের কম সময়ের মধ্যে আফগানিস্তানে এটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় সফর।লিওন প্যানেট্টা বলেন, পাকিস্তান জঙ্গিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। ওই জঙ্গিরা আফগান সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর একের এক হামলা পরিচালনা করছে। তিনি বলেন, ‘পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’পাকিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক গত ১০ বছর ধরে আফগানিস্তানে অবস্থান করা ন্যাটো বাহিনীর ওপর একাধিক সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে বলে অভিযোগ রয়েছে। সংগঠনটির সঙ্গে তালেবান ও আল-কায়েদার সম্পর্ক রয়েছে। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।আফগানিস্তানে গিয়ে প্যানেট্টা বলেন, এটি ক্রমাগতভাবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সীমান্তের ওপারে (পাকিস্তান) জঙ্গি সংগঠন হাক্কানির অস্তিত্ব এখনো বিদ্যমান। পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উল্টো নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করে আফগান সীমান্তে মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর অনুমতি দিচ্ছে পাকিস্তান।পাকিস্তানে জঙ্গি তৎপরতা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।’প্যানেট্টার সফরের মাত্র এক দিন আগেই বুধবার আফগানিস্তানের লোগার প্রদেশে ন্যাটো বিমান হামলায় ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এই দিনে কান্দাহারে ন্যাটোর সবচেয়ে বড় ঘাঁটির কাছে দুুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ ব্যক্তি নিহত হয়।ন্যাটো ঘাঁটির বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা উল্লেখ করে প্যানেট্টা বলেন, ‘এ পর্যন্ত যত হামলার ঘটনা ঘটেছে, এর মধ্যে এ হামলাটি ছিল অনেক বেশি সংগঠিত।’ প্যানেট্টা সেনাদের উদ্দীপ্ত করে বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা বহু সেনাকে হারিয়েছি। তাঁদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। এটি আমরা নিশ্চিতভাবেই প্রমাণ করতে সক্ষম হব।’ ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, আফগানিস্তানেও আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব ভালোভাবে সমাধান করতে পারব।’ এএফপি।