নিউইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ফয়সাল শাহজাদ ওই ঘটনার আগে পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের সঙ্গে বৈঠক করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেলে আল অ্যারাবিয়ায় গত বুধবার ওই বৈঠকের ভিডিওচিত্রের অংশবিশেষ প্রচার করা হয়। ভিডিওচিত্রে দেখা যায়, হাকিমুল্লাহ মেহসুদ ছাড়াও ওই বৈঠকে পাকিস্তান তালেবানের জ্যেষ্ঠ অনেক নেতা উপস্থিত ছিলেন। এতে ফয়সাল বলেন, ‘টাইমস স্কয়ারে বোমা হামলা হবে ইরাক ও আফগানিস্তানে মুসলিমদের হত্যার প্রতিশোধ। আমি মনে করি, এই হামলায় মুসলিমেরা খুশি হবে।’ তিনি আরও বলেন, ‘আরবের মুসলিমেরা শহীদ হচ্ছেন। আমি তাদের হত্যার প্রতিশোধ নেব।’শাহজাদ ২০০৬ সালে মার্কিন হামলায় নিহত ইরাকে আল-কায়েদার প্রধান আবু মুসাব জারকাবির প্রশংসা করেন। তিনি পাকিস্তানে নিহত তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদেরও প্রশংসা করেন। মুসাব জারকাবি ও বায়তুল্লাহ মেহসুদকে শহীদ বলে উল্লেখ করেন তিনি। এ সময় জিহাদের ডাক দেন ফয়সাল। তিনি বলেন, ‘ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। গণতন্ত্র ইসলামের কাছে পরাজিত হবে।’ ফয়সাল আরও বলেন, ‘আফগানিস্তানে মার্কিন অভিযানের আট বছর পার হয়েছে। খেয়াল করলেই বুঝবেন, দেশটিতে মুসলিমদের যুদ্ধ কেবল শুরু হয়েছে।’ বৈঠকে ৩০ বছর বয়সী ফয়সাল কালো রঙের পাগড়ি ও জলপাই রঙের জ্যাকেট পরা ছিলেন। তাঁর পাশে একটি একে-৪৭ রাইফেল ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি পর্যবেক্ষণ সংস্থা ইনটেল সেন্টার জানায়, ভিডিওচিত্রে ফয়সাল শাহজাদ ও হাকিমুল্লাহ মেহসুদকে করমর্দন করতে দেখা গেছে। বিশ্লেষকেরা বলছেন, এই ভিডিওচিত্রের মাধ্যমে তালেবান নেতৃত্ব তাঁদের সমর্থকদের কাছে এই বার্তা দিতে চাচ্ছেন যে, তাঁরা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম। ফয়সাল শাহজাদ পাকিস্তানে জন্মগ্রহণে করেন এবং সেখানেই বেড়ে উঠেন। পরে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। গত ১ মে নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হামলার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মার্কিন আদালতে তাঁর বিচার চলছে। বিবিসি, এপি অনলাইন।