তালেবান-পাকিস্তান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তালেবান গোষ্ঠী সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে। গতকাল সোমবার জ্যেষ্ঠ তালেবান কমান্ডার ও মধ্যস্থতাকারীরা এ কথা বলেন।তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে অতীতে স্বাক্ষরিত শান্তিচুক্তি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছিল। বরং চুক্তি জঙ্গি গোষ্ঠীটিকে সংহত হতে এবং নতুন হামলা চালানোর সময় ও সুযোগ করে দিয়েছিল।বর্তমান আলোচনায় আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বিষয়টি আলোচনা করা হয়েছে। একটি সমন্বিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার পরিধি বাড়ানো হতে পারে।তালেবানের একজন কমান্ডার বলেন, বন্দীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে তালেবান। একজন পশতু আদিবাসী মধ্যস্থতাকারী আলোচনাকে ‘খুবই জটিল’ বলে বর্ণনা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ তালেবান কমান্ডার বলেন, ‘হ্যাঁ, আমরা আলোচনা করছি। তবে এটা প্রাথমিক পর্যায় মাত্র।’ তিনি বলেন, ‘এই মুহূর্তে দক্ষিণ ওয়াজিরিস্তান নিয়ে আলোচনা চলছে। এ আলোচনা সফল হলে সব আদিবাসী এলাকার জন্য চুক্তি নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারব।’যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকে জঙ্গি নির্মূলে চাপের মধ্যে রয়েছে পাকিস্তান।গত সেপ্টেম্বরে সর্বদলীয় এক বৈঠকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, শান্তির জন্য তারা জঙ্গিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে। সরকারের ওই বক্তব্যের পর থেকে শান্তি আলোচনার ব্যাপারে গুঞ্জন শুরু হয়।জ্যেষ্ঠ তালেবান নেতা বলেন, তাঁরা কখনোই লড়াই করতে চান না। তাঁদের লক্ষ্য আফগানিস্তানকে বিদেশি সৈন্যমুক্ত রাখা। কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তায় পাকিস্তান সরকার তাঁদের লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে।তাৎক্ষণিক পাকিস্তানি সরকার কিংবা সেনাবাহিনীর কাউকে পাওয়া যায়নি। তবে বয়োজ্যেষ্ঠ একজন আদিবাসী নেতা বলেন, ‘এটা খুবই জটিল পর্যায়। গত দুই মাসে আমরা তিন দফা আলোচনা করেছি। এবার কোনো সাফল্য আসবে কি না, তা বলা খুবই কঠিন। তবে তাঁরা সঠিক পথে এগুচ্ছেন। রয়টার্স।