তালেবান যোদ্ধাদের মৃতদেহ নিয়ে ছবি তোলার ঘটনায় তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিহত তালেবান যোদ্ধাদের দেহের ছিন্নভিন্ন অংশ হাতে নিয়ে মার্কিন সেনাদের ছবি তোলার নতুন ঘটনা ফাঁস হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তালেবান এই ‘অসম্মানের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জড়িত সেনাদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।২০১০ সালে তোলা চাঞ্চল্যকর ওই ছবিগুলো গত বুধবার প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস। ছবিগুলোতে দেখা যায়, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ফোর্থ ব্রিগেড কমব্যাট টিমের এক ডজনের বেশি মার্কিন সেনা এবং কিছু আফগান সেনা নিহত তালেবান যোদ্ধাদের ছিন্নভিন্ন হা-পা হাতে নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছে। ২০১০ সালে জাবুল প্রদেশে ওই তালেবান হামলাকারীরা নিহত হয়। নানা ইস্যুতে এমনিতেই বছর খানেক ধরেই আফগান কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তির বিষয়ে দেশ দুটির মধ্যে বর্তমানে আলোচনা চলছে। এ অবস্থায় নতুন এই কেলেঙ্কারির ঘটনা দুই দেশের সম্পর্কে আবার চিড় ধরাতে পারে।এর আগে নিহত তালেবান যোদ্ধাদের গায়ে মার্কিন মেরিন সেনাদের মূত্রত্যাগ করা, ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানো এবং গ্রামের নিরীহ বাসিন্দাদের ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যাসহ নানা অপকর্মের ঘটনা ফাঁস হওয়ায় আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রবীণ সেনা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকেরা একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনের ওপর জোর দিচ্ছেন।এসব বিশ্লেষকের মতে, একটি সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, আফগানিস্তানে নিযুক্ত নন-কমিশন্ড শ্রেণীর সেনা কর্মকর্তাদের যুদ্ধক্লান্তি। কেননা, ১৮-১৯ বছর বয়সের তরুণ সেনাদের গ্রুপগুলোর প্রশিক্ষণ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও শৃঙ্খলাবিধানের মতো কঠিন দায়িত্ব পালন করতে হয়। বিশ্লেষকদের মতে, আরেকটি কারণ হতে পারে, প্রত্যন্ত অঞ্চলে ছোট ইউনিটে ভাগ হয়ে জঙ্গিবাদবিরোধী দায়িত্ব পালন করতে গিয়ে সেনাদের মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয়। কর্মকর্তা ও বিশ্লেষকেরা এ ঘটনাকে লর্ড অব দ্য ফ্লাইস সিনড্রম হিসেবে বর্ণনা করছেন। লর্ড অব দ্য ফ্লাইস হচ্ছে উইলিয়াম গোল্ডিংয়ের একটি বিখ্যাত উপন্যাস, যেখানে সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু ব্রিটিশ স্কুলছাত্রের উপজাতীয় সহিংসতার মতো বর্বর ঘটনায় জড়িয়ে পড়ার বিষয় বর্ণিত হয়েছে। নিরাপত্তা গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্ড্রু এক্সাম অভিমত প্রকাশ করেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে নিশ্চিতভাবেই ছোট ছোট ইউনিট পর্যায়ে নেতৃত্বের দুর্বলতার কারণে ঘটছে। এক্সাম নিজে একসময় ন্যাটো বাহিনীর পক্ষে ইরাক ও আফগানিস্তানে পদাতিক বাহিনী ও অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতে, এখন এ ধরনের কর্মকর্তার খুবই অভাব, যাঁরা তরুণ সেনাদের বোঝাবেন যে মৃতদেহের প্রতি অশ্রদ্ধা করা ঠিক নয়।প্রতিশোধ নেওয়ার প্রত্যয় তালেবানের: মার্কিন সেনাদের ওই সব ছবি তোলার ঘটনার নিন্দা জানিয়ে তালেবান এ ঘটনার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার তালেবান এক বিবৃতিতে ওই ঘটনাকে ‘অমানবিক’ হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, এটা সেই বর্বর ও অমানবিক কাজ, যা দখলদার আমেরিকা তাদের আফগান দাসদের শেখাচ্ছে। তালেবান তাদের নিহত যোদ্ধাদের প্রতি এই ‘অসম্মানের’ প্রতিশোধ নেবে। নিউইয়র্ক টাইমস, এএফপি।