আফগান তালেবান জঙ্গিদের মানবতাবিরোধী অপরাধের দায়মুক্তি না দিতে সে দেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শান্তি আলোচনায় অংশ নিলে তালেবান জঙ্গিদের দায়মুক্তি দেওয়া হবে বলে পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল সোমবার এইচআরডব্লিউর এক বিবৃতিতে বলা হয়, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে জড়িত তালেবান জঙ্গিদের বিচারের মুখোমুখি করতে হবে। তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে দায়মুক্তি দেওয়া হলে, তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বিচার ও শান্তির মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নেওয়ার জন্য জনগণের ওপর চাপ সৃষ্টি করা হামিদ কারজাইয়ের সরকারের উচিত হবে না।কারজাইয়ের শান্তিদূত সালাহউদ্দিন রাব্বানির সাম্প্রতিক মন্তব্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, শান্তি আলোচনায় অংশ নিলে তালেবানকে দায়মুক্তি দেওয়া হবে। এ ছাড়া তাদের ওপর থেকে জাতিসংঘের অবরোধ তুলে নেওয়া হবে।রাব্বানির সহযোগিতায় চলতি মাসে পাকিস্তানের কারাগার থেকে নয়জন আফগান তালেবান জঙ্গিকে মুক্তি দেওয়া হয়।২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে ক্ষমতা ফিরে পেতে লড়াই চালিয়ে আসছে তালেবান। চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাপ্তি টানার জন্য চেষ্টা করছে কারজাইয়ের সরকার। এএফপি।