তালেবানকে শেষ সুযোগ দিতে চান নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, গত কয়েক মাসে দফায় দফায় ভয়াবহ জঙ্গি হামলা সত্ত্বেও তিনি তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে তিনি এ কথা বলেন।
জঙ্গিদের সঙ্গে আলোচনার জন্য নওয়াজ শরিফ চারজনের একটি দলের নাম ঘোষণা করেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন— সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই ও ইরফান সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদূত রুস্তম শাহ মোহাম্মদ এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআইয়ের সাবেক মেজর আমির উল্লাহ। তাঁরা তালেবানের সঙ্গে আলোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন।
জাতীয় পরিষদে এক ভাষণে নওয়াজ শরিফ বলেন, আলোচনা বা শক্তি প্রয়োগ, যেভাবেই হোক ‘সন্ত্রাসবাদ’কে পরাজিত করতে হবে। তবে শেষবারের মতো তিনি শান্তিপূর্ণ আলোচনার একটি সুযোগ দিতে চান। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, তালেবানের ওপর শক্তি প্রয়োগ করলে দেশবাসী আমাদের সমর্থন দেবে।’
গত বছরের নভেম্বরে তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হলে জঙ্গিরা প্রতিশোধ নিতে পাকিস্তানে আরও হামলা চালানোর ঘোষণা দেয়। নওয়াজ তালেবানের সঙ্গে আলোচনার কথা বললেও এর জন্য কোনো সময়সীমা বেঁধে দেননি। পাকিস্তান তালেবানের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে বলেন, তালেবানের শুরা কাউন্সিল তাঁর প্রস্তাবের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বিবিসি।