তালেবানের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিযুক্ত শীর্ষস্থানীয় মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, তালেবানবিরোধী যুদ্ধে বেশ অগ্রগতি হয়েছে। অনেক জায়গায় তালিবানের অগ্রাভিযান থামিয়ে দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র আগামী জুলাই মাস থেকে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কাজ শুরু করতে পারে। গত মঙ্গলবার ওয়াশিংটনে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে আফগান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি এ কথা বলেন। গত জুনে আফগানিস্তানের শীর্ষস্থানীয় কমান্ডার হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম ডেভিড পেট্রাউস আফগান পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করলেন।জেনারেল পেট্রাউস বলেন, মার্কিন যৌথ বাহিনী আফগানিস্তানের অধিকাংশ জায়গায় সম্প্রতি বেশ কিছু সাফল্য অর্জন করেছে। এতে তিনি সেখানে আশার আলো দেখতে পাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা ইচ্ছা করলে আফগানিস্তানের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ আফগান সেনাদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়টি অনুমোদন করতে পারেন। বিবিসি, এএফপি।