তালেবান নেতা মোল্লা আখতার মানসুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যেই জঙ্গি সংগঠনটির নতুন অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের খবর এসেছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।
তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তবে তাঁর মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। এরপর তালেবানপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন মোল্লা মানসুর, যদিও তাঁর এই নিয়োগ নিয়ে তখন তালেবানে অন্তর্দ্বন্দ্বের খবর বেরোয়।
গত বুধবার খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তানের কোয়েটা নগরের উপকণ্ঠে তালেবানের জ্যেষ্ঠ কমান্ডারদের বৈঠকে অন্তর্দ্বন্দ্বের জের ধরে গুলিতে নিহত বা আহত হয়েছেন মোল্লা মানসুর।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হচ্ছে, মোল্লা মানুসর জীবিত আছেন। টুইটারে দেওয়া এক বার্তায় মুখপাত্র বলেন, তিনি মোল্লা মানসুরের কাছ থেকে একটি অডিও বার্তা পেয়েছেন। এটি শিগগিরই প্রকাশ করা হবে।
মোল্লা মানসুরের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশার মধ্যেই গতকাল পাকিস্তানের চ্যানেল ২৪ টেলিভিশনের বরাত দিয়ে সিনহুয়ার এক খবরে বলা হয়, তালেবানের উপপ্রধান এবং তাদের সর্বোচ্চ পরিষদের সদস্য মৌলভি হাইবাতুল্লাহ আকুনজাদাকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে টেলিভিশন চ্যানেলটি সূত্র প্রকাশ করেনি।