তালেবানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে না পাকিস্তান

তালেবান বাহিনীর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাকিস্তান আজ মঙ্গলবার বলেছে, শান্তিপূর্ণ সমঝোতার ভিত্তিতে তালেবান যোদ্ধাদের অস্ত্রত্যাগে উত্সাহিত করা হবে। পাকিস্তানের তালেবান বাহিনীর প্রধান মোল্লা ফজলুল্লাহ শান্তি আলোচনার সম্ভাবনা বাতিল করে বলেছেন, তাঁর দল সরকারকে উত্খাত করে একটি ইসলামি সরকার প্রতিষ্ঠার জন্য সরকারি স্থাপনার ওপর হামলার পরিমাণ বাড়াবে।
পাকিস্তান সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে সমঝোতার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, ফজলুল্লাহ প্রধান নেতা হওয়ার পর সেটি ভেস্তে যেতে বসেছে। পাকিস্তান আশা করছিল, চুক্তি হলে আফগানিস্তানের সীমান্তবর্তী পশতু এলাকায় আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তবে সরকারের পক্ষ থেকে আজ বলা হয়েছে, তালেবান নেতাদের হম্বিতম্বি শুনে এটা মনে করা ঠিক হবে না যে, আলোচনার দুয়ার বন্ধ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তারিক আজিম বলেন, ‘পর্দার আড়ালে কী হচ্ছে, তা তাদের (তালেবানদের) বাইরের আচরণ থেকে বোঝা সম্ভব নয়। ওরা বাইরে বাইরে এমন ভান করে যে, মনে হয় ওরা
গোঁয়ার। কিন্তু আবার তলে তলে এমন কথা বলে, মনে হয় তারা আলোচনায়ও রাজি।’
এ ব্যাপারে তালেবান এখনো কোনো মন্তব্য করেনি।