
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যায় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংশ্লিষ্ট ছিল কি না, তা নিয়ে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি সন্দিহান ছিলেন। ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তকারী জাতিসংঘের বর্তমান সহকারী মহাসচিব হেরাল্ডো মুনোজ তাঁর নতুন একটি বইয়ে এ মন্তব্য করেছেন।
বেনজির হত্যার ঘটনা নিয়ে মুনোজের লেখা গেটিং অ্যাওয়ে উইথ দ্য মার্ডার—বিহাইন্ড দি ইনভেস্টিগেশন অব বেনজির ভুট্টোজ অ্যাসাসিনেশন শিরোনামের বইটির ওপর ভিত্তি করে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীর ওয়েবসাইটে। এতে লেখক বেনজির হত্যার বিষয়টি অমীমাংসিতই রয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। মুনোজের মতে, ওই হত্যাকাণ্ডে তালেবানের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ থাকলেও পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তের জন্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের জুলাইয়ে মুনোজকে দায়িত্ব দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। তাঁর কাছে ২০১০ সালের মার্চে তদন্ত প্রতিবেদন পেশ করেন মুনোজ।
ঘটনাচক্রে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে বেনজির হত্যা মামলায় আদালতে অভিযুক্ত করার পরদিনই প্রকাশিত হলো মুনোজের নিবন্ধটি। তিনি মনে করেন, বেনজিরের নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি উপেক্ষা করে পারভেজ মোশাররফ ওই হত্যাকাণ্ডে হয়তো একধরনের সহায়তা করেছিলেন। আর আইএসআই বা এই সংস্থার অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা বা সদস্যের কোনো না-কোনোভাবে বেনজির হত্যায় জড়িত থাকার সম্ভাবনা একেবারে ভিত্তিহীন নয়।
হেরাল্ডো মুনোজ লিখেছেন, বেনজির হত্যাকাণ্ডে টিটিপির অধুনা নিহত নেতা বায়তুল্লাহ মেহসুদ সংগঠকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন যে বিবৃতি দিয়েছিল, তার যথার্থতা নিয়ে কায়ানির মনে সন্দেহ ছিল। আইএসআই সংগৃহীত একটি ফোনালাপের ওপর ভিত্তি করে ওই বিবৃতিটি দেওয়া হয়।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী জনসভায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী পারভেজ মোশাররফ তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ডন।