তালেবানের সঙ্গে অবিলম্বে সংলাপ শুরুর নির্দেশ
পাকিস্তানের তালেবান জঙ্গিদের সঙ্গে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শুক্রবার শান্তি আলোচনা এগিয়ে নিতে গঠিত চার সদস্যের একটি কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
শান্তি আলোচনার জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক ছিল এটি। প্রধানমন্ত্রী নওয়াজের সভাপতিত্বে গতকাল রাজধানী ইসলামাবাদে এ বৈঠক হয়। এতে শান্তি সংলাপের কাঠামো এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় বিষয়াবলি-সংক্রান্ত উপদেষ্টা ইরফান সিদ্দিক, প্রবীণ সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই, সাবেক রাষ্ট্রদূত ও আফগানিস্তানবিষয়ক বিশেষজ্ঞ রুস্তম শাহ মোহমান্দ এবং গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) আমির শাহ। কমিটির কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
গতকালের বৈঠকে কমিটির কার্যপরিধি এবং জঙ্গিদের সঙ্গে সংলাপের নিয়মকানুন নিয়ে প্রাথমিক আলোচনা হয়। আগামী বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নওয়াজ কমিটির জন্য নির্দেশনা দেওয়ার পাশাপাশি এর কাজের ব্যাপ্তিও নির্দিষ্ট করে দেন। কমিটির সদস্যরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে কর্মপন্থা ঠিক করবে।
জঙ্গিদের সঙ্গে সংলাপের জন্য কেবল একটি পূর্বশর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ। সেটি হলো সংলাপ চলার সময় কোনো সন্ত্রাসী হামলা চালানো যাবে না। গত বুধবার দেশটির পার্লামেন্টে ভাষণের সময় তিনি এ শর্ত নিয়ে ব্যাখ্যা দেন।
পাকিস্তানে গত কয়েক মাসে দফায় দফায় হামলা চালিয়েছে জঙ্গিরা। বেশির ভাগ ক্ষেত্রেই হামলার লক্ষ্যবস্তু ছিল সেনাবাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বছরের নভেম্বর মাসে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানি তালেবানের নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে জঙ্গিরা। ডন।