তালেবানের সঙ্গে আলোচনা করছে কারজাইবিরোধী জোট
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট সম্প্রতি তালেবান জঙ্গি ও যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে প্রকাশ্যে আলোচনা করেছে।আফগানিস্তানে অব্যাহত সংঘাতের রাজনৈতিক সমাধান বের করার লক্ষ্যে এই আলোচনা হয়েছে। দুই পক্ষের প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন।আফগানিস্তানে প্রায় ১২ বছর ধরে তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক ন্যাটো বাহিনী লড়াই করছে। আগামী বছর দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হবে। চলমান সংকটের রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে সরকার। এবারই প্রথম বিরোধী দলগুলোর জোটও তালেবানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিশ্চিত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, তাঁরা আলোচনা এগিয়ে নিতে চান। ধারণা করা হচ্ছে, তালেবান ও বিরোধী দলগুলো আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মতৈক্যের প্রার্থী দিতে চায়। এই লক্ষ্যে আলোচনা চলছে।গত বছর কারজাই দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তাঁর সরকার তালেবানের সঙ্গে সমঝোতা আলোচনা করছে। তবে কারজাইয়ের এই দাবি তালেবান ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। এপি।