তালেবানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে: শরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তালেবানের সঙ্গে তাঁদের আলোচনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। লন্ডনে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নওয়াজ শরিফ তালেবানের সঙ্গে সরকারের আলোচনা শুরুর হওয়ার কথা জানালেও কারা ওই আলোচনায় অংশ নিচ্ছেন এবং কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা বিস্তারিত জানাননি।
ড্রোন হামলার নিন্দা
পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত মিরানশাহ এলাকায় গত বুধবারের ড্রোন (চালকবিহীন বিমান) হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আইজাজ আহমদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেন, এ ধরনের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।
রাজধানী ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আইজাজ বলেন, ‘ড্রোন হামলা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এসব হামলায় নির্দোষ বেসামরিক লোকজন নিহত হচ্ছে।
পাঁচ বছরে নিহত ৬৭ বেসামরিক লোক: পাকিস্তানে গত পাঁচ বছরে মার্কিন ড্রোন হামলায় ৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। একই সময়ে ড্রোন হামলায় নিহত সন্দেহভাজন সন্ত্রাসীর সংখ্যা দুই হাজারের বেশি। আর ড্রোন হামলার সংখ্যা ৩৬৭। দেশটির সরকার গত বুধবার এ তথ্য প্রকাশ করেছে। ডন, এপি।