তালেবানের সঙ্গে আলোচনায় সমর্থন দেবেন ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সংঘাত বন্ধে তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগে তিনি সমর্থন দেবেন। উত্তর আয়ারল্যান্ডের অনুকরণে আফগানযুদ্ধের সমাধান হতে পারে বলে তিনি মত দেন। গতকাল মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কাবুলে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন এ কথা বলেন। আফগানযুদ্ধের দীর্ঘসূত্রতায় আর্থিক ও রাজনৈতিক উভয় চাপে ব্যতিব্যস্ত যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে প্রকাশ্যে তালেবানের সঙ্গে আলোচনার আগ্রহ ব্যক্ত করেছে।গত সোমবার দুই দিনের ঝটিকা সফরে ডেভিড ক্যামেরন আফগানিস্তানে যান।২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে পশ্চিমা যুদ্ধসেনাদের প্রত্যাহার সামনে রেখে আফগান কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্যান্ডহার্স্ট ধাঁচে একটি সামরিক একাডেমি গঠনেরও ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। ক্যামেরন বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়া ও পুনর্মিলনীর ধারাবাহিকতায় আমি আফগান জনগণকে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘তালেবানের প্রতি আমার বার্তা খুবই পরিষ্কার। বোমা হামলা, হত্যা আর লড়াই বন্ধ করুন; অস্ত্র সমর্পণ করুন; রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দিন। আফগানিস্তানের ভবিষ্যৎ গঠনে আপনারাও যোগ দিতে পারেন।’ তিনি বলেন, ‘এটা আমি আমার দেশে দেখেছি। উত্তর আয়ারল্যান্ডে একদল মানুষ বোমা মেরে পুলিশ হত্যার চেষ্টা করেছে। এখন তাঁরাই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।’ক্যামেরন জানান, তিনি আফগান প্রেসিডেন্টের সঙ্গে দেশটির ভবিষ্যৎ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘আফগান স্যান্ডহার্স্ট’ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্য পরিচালিত ওই সামরিক একাডেমি ২০১৩ সালে আফগানিস্তানে এক হাজার ৩৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। এ একাডেমিতে ১২০ জন ব্রিটিশ সামরিক প্রশিক্ষক থাকবেন। যুক্তরাষ্ট্র এ সামরিক শিক্ষায়তনের জন্য তিন কোটি ৮০ লাখ ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আফগানিস্তানে সহযোগিতা বাড়ানোর পক্ষেও কথা বলেছেন। যদিও নিজ দেশে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছেন তিনি। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা দপ্তর বলেছে, চলতি বছরে আফগানিস্তানের জন্য ব্রিটিশ সহায়তার পরিমাণ হচ্ছে ১৬ কোটি ৪০ লাখ ডলার। আগামী অর্থবছরে তা হবে ২৮ কোটি ৭০ লাখ ডলার।গত রোববার যুক্তরাজ্যের সানডে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের শেষ দিকে আফগানিস্তান থেকে ৫০০-৮০০ ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হতে পারে। এ বিষয়ে আজ বুধবার পার্লামেন্টে ক্যামেরনের ঘোষণা দেওয়ার কথা। এএফপি।