তালেবানের সঙ্গে চুক্তির পক্ষে ব্রিটিশ এমপিদের তাগিদ
যুক্তরাজ্যের একদল আইনপ্রণেতার সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা বাছাই কমিটি আফগানিস্তানের সরকারের সঙ্গে তালেবানের শান্তিচুক্তি হওয়ার পক্ষে মত দিয়েছে। কমিটির এক প্রতিবেদনে ওই আইনপ্রণেতারা বলেছেন, আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনাবাহিনী প্রত্যাহার করার পর দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করা দরকার। কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তালেবানের সঙ্গে চুক্তি সম্পাদনের উদ্যোগে ব্যর্থ হলে আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। কমিটি মনে করে, ২০১৪ সালের পর আফগানিস্তানকে স্থিতিশীল রাখতে যুক্তরাজ্যকে প্রভাব বিস্তার করতে হবে এবং এটি তাদের দায়িত্ব। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, আফগানিস্তানকে একটি টেকসই রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে দেশটির সরকারকে সহায়তা করবে যুক্তরাজ্য। প্রতিরক্ষা বাছাই কমিটির প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, আফগানিস্তান নিজেদের নিরাপত্তা রক্ষা করতে পারবে এবং দেশটি আর কখনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের স্বর্গে পরিণত হবে না। বিবিসি।