প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ মন্ত্রী গতকাল সোমবার এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী পারভেজ রশীদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ‘হ্যাঁ, আমরা টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সঙ্গে আলোচনা শুরুর চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তাঁদের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার ব্যাপারে সরকার সব সময়ই আত্মবিশ্বাসী।’ টিটিপির সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয়ে সরকার এখনো প্রতিশ্রুতিবদ্ধ—প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক সপ্তাহ আগে এমন বক্তব্য দেওয়ার এক সপ্তাহ পর তথ্যমন্ত্রী এই মন্তব্য করলেন।
তথ্যমন্ত্রী রশীদ বলেন, আলোচনা শুরুর আগে সরকার বিদ্যমান যেকোনো বাধা অপসারণ করবে এবং আর যেন ক্ষয়ক্ষতির কারণ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে উদ্যোগ নিয়ে এগোবে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির খবরে আরও বলা হয়, তালেবানের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গত শনিবার সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে কথা বলেন। গত মাসে মার্কিন ড্রোন হামলায় টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হলে তালেবানের সঙ্গে পাকিস্তানের শান্তি আলোচনার প্রাথমিক উদ্যোগ ব্যাহত হয়।
ওই ঘটনার পর হাকিমুল্লাহর স্থলাভিষিক্ত মোল্লা ফজলুল্লাহ পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। সে সময় মার্কিন ওই হামলার কড়া সমালোচনা করেছিল ইসলামাবাদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, তালেবানের সঙ্গে আলোচনার নতুন কৌশল নিয়ে এ মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শান্তি আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার আগে সরকার যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে ড্রোন হামলা বন্ধের ব্যাপারে নিশ্চয়তা চায়। কর্মকর্তারা আরও জানান, আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে তালেবানের কাছে ওলামা প্রতিনিধি পাঠানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের কাছ থেকে মার্কিন নীতি-সংক্রান্ত নিঃশর্ত বিবৃতি চান।
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান নিয়োগ হওয়ার পর তালেবান গত সপ্তাহে এক বিবৃতি দেয়। এতে সংগঠনটি আলোচনা শুরুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। পিটিআই।