তালেবানের সঙ্গে সংলাপের পক্ষে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি প্রতিষ্ঠায় তালেবান জঙ্গিদের সঙ্গে সংলাপে বসা দরকার বলে মন্তব্য করেছে পাকিস্তানের আলোচিত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৬)। গতকাল সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে এ কথা বলে।
নারীশিক্ষার ব্যাপারে সরব থাকায় মালালা জঙ্গিদের চক্ষুশূলে পরিণত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় গত বছরের অক্টোবরে তালেবান জঙ্গিরা বাসে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
বিবিসিকে মালালা বলে, ‘সমস্যা সমাধান ও যুদ্ধ এড়ানোর সর্বোত্তম পথ হচ্ছে সংলাপ। এটা আমার ব্যাপার নয়, এটা সরকারের কাজ... এবং এ কাজটা যুক্তরাষ্ট্রেরও।’
বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ: যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে একটি অনুষ্ঠানে মালালাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সে সাক্ষাৎ করবে। বিবিসি ও এএফপি।